মেক্সিকোতে মাদকপাচারকারী চক্রের গুলিতে নিহত ১০ শিশু-কিশোর
মেক্সিকোর উত্তরাঞ্চলে মাদক পাচারকারী চক্রের নিয়োজিত আততায়ীর গুলিতে ১০ জন শিশু ও কিশোর-কিশোরী নিহত হয়েছে। দুরাঙ্গো রাজ্যে শিশু-কিশোরদের বহনকারী একটি পিকআপে গত রোববার আততায়ীরা প্রথমে একটানা গুলি চালায়। এর পর তারা পিকআপটিতে বিস্ফোরণ ঘটায়। মেক্সিকোর মাদক উত্পাদনকারী অঞ্চল গোল্ডেন ট্রায়াঙ্গেলে এ ঘটনা ঘটেছে। দুরাঙ্গোর অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে জানানো হয়েছে, আততায়ীরা মাদক পাচারকারী চক্রের সদস্য।মেক্সিকোতে মাদকব্যবসায়ী ও মাদক পাচারকারী চক্রগুলো ইদানীং খুব বেপরোয়া হয়ে উঠেছে। গত কয়েক সপ্তাহে তারা বেশ কয়েকটি নাশকতামূলক হামলা চালিয়েছে। এমনই এক হামলায় সম্প্রতি দুজন মার্কিন নাগরিক নিহত হন। এসব সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় মেক্সিকোর নাগরিক, পর্যটক, বিদেশি বিনিয়োগকারী, এমনকি যুক্তরাষ্ট্রও উদ্বিগ্ন হয়ে পড়েছে। বিষয়টির সুরাহা করতে যুক্তরাষ্ট্র সরকার একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাঠিয়েছে মেক্সিকোতে।দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নান্দো গোমেজ মন্ট গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে জানান, যদি হামলাকারীরা মনে করে, এভাবে তারা মেক্সিকোতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারবে, তবে তারা ভুল করবে। উল্লেখ্য, ২০০৬ সালে ফেলিপ ক্যালডারন মেক্সিকোর প্রেসিডেন্ট পদে আসীন হওয়ার পর মাদক পাচারকারীদের অন্যতম ঘাঁটিগুলোতে হাজার হাজার সেনা মোতায়েন করা হয়। তখন থেকে এ যাবত্ প্রায় ১৯ হাজার লোক নিহত হয়েছে। রক্ষণশীল দলের প্রেসিডেন্টের মাদকচক্র দমনের এই নীতি ব্যাপকভাবে সমালোচিত হয়েছে। তবে মেক্সিকোতে সহিংসতা থেমে থাকেনি। গত জানুয়ারি মাসে সীমান্তবর্তী শহর সিউদাদ জুয়ারেজের একটি স্কুলে জন্মদিনের এক অনুষ্ঠান চলাকালে সন্দেহভাজন মাদক পাচারকারী দলের গুলিতে ১৫ জন নিহত হয়। এ প্রসঙ্গে মেক্সিকোর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকপাচার-সংশ্লিষ্ট সহিংসতা বাড়ার একটি কারণ হচ্ছে স্থানীয় সিনালোয়া ও জেটাস মাদকচক্র দুটির মধ্যে সৃষ্ট কোন্দল। — রয়টার্স