মেক্সিকোতে ১০৫ টন মাদক উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেক্সিকোর নিরাপত্তা বাহিনী যুক্তরাষ্ট্রের সীমান্তসংলগ্ন তাইজুয়ানা শহর থেকে প্রায় ১০৫ টন মাদকদ্রব্য উদ্ধার করেছে। মেক্সিকোর ইতিহাসে এটি সর্ববৃহৎ মাদক আটকের ঘটনা।মাদক উদ্ধারের এই অভিযানের সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকধারী মাদক পাচারকারীদের ব্যাপক গুলিবিনিময় হয়। এতে এক পুলিশ সদস্য ও একজন পথচারী আহত হয়েছেন। নিরাপত্তা বাহিনী সন্দেহভাজন ১১ জন মাদক পাচারকারীকে আটক করেছে।মেক্সিকোর নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, এই বিপুল পরিমাণ মাদক প্রায় ১০ হাজার প্যাকেটে মোড়ানো অবস্থায় ছিল এবং ওই এলাকার বিভিন্ন বাড়ি থেকে তা উদ্ধার করা হয়েছে।মেক্সিকান সেনাবাহিনী বলছে, উদ্ধার করা মারিজুয়ানার মূল্য ৩৪০ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। মেক্সিকান সেনাবাহিনীর জেনারেল আলফোনসো ডুয়াতি বলেছেন, এই উদ্ধার নজিরবিহীন। এখনো পর্যন্ত উদ্ধার করা মাদকের মোড়কগুলো গণনা করা হচ্ছে এবং তার ওজন নেওয়া হচ্ছে। ভবিষ্যতে এর পরিমাণ আরও বাড়তে পারে। মেক্সিকোর স্থানীয় মাদকচক্র এই মারিজুয়ানা যুক্তরাষ্ট্রে পাচার করার প্রস্তুতি নিচ্ছিল বলে জেনারেল ডুয়াতি জানিয়েছেন। তবে তিনি ওই চক্রকে চিহ্নিত করতে ও মাদকের উৎস সম্পর্কে কিছুই বলতে পারেননি। বিবিসি অনলাইন।