মেক্সিকোয় এক মেয়রকে অপহরণের পর হত্যা
মেক্সিকোর উত্তরাঞ্চলের শহর সান্তিয়াগোর মেয়রকে অপহরণের পর হত্যা করেছে সন্ত্রাসীরা। নিরাপত্তাকর্মীরা গতকাল বুধবার তাঁর মৃতদেহ উদ্ধার করেছেন। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি অনলাইন আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।নিহত মেয়রের নাম এডেলমিরো ক্যাভাজস। বন্দুকধারীরা গত রোববার তাঁকে অপহরণ করে। তাঁর মৃতদেহ হাতকড়া পরা ও চোখ বাঁধা অবস্থায় পার্শ্ববর্তী মন্টেরি শহর থেকে উদ্ধার করা হয়।পুলিশ জানিয়েছে, গত রোববার ক্যাভাজস একটি অনুষ্ঠান থেকে বাসায় ফেরার পথে প্রায় ১৫ জন বন্দুকধারী তাঁকে জোরপূর্বক অপহরণ করে।মেক্সিকোর গভর্নর রডরিগো মেদিনা বলেছেন, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে তাঁর নেওয়া কিছু পদক্ষেপ তাঁকে সন্ত্রাসীদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছিল।ইদানীং মেক্সিকোর অভিজাত শহরগুলো সন্ত্রাসীদের প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। সেখানে ধনাঢ্য ও বিখ্যাত ব্যক্তিদের অপহরণ করে মুক্তিপণ দাবি করা নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। সাম্প্রতিক সময়ে মনটেরি শহরে অপহরণ, সন্ত্রাস ও চাঁদাবাজি অনেকটাই বেড়ে গেছে।