মেক্সিকোয় টেলিভিশন স্টেশনে বোমা হামলা
উত্তর মেক্সিকোর মন্টেরির শহরে গতকাল রোববার একটি টেলিভিশন স্টেশনে বোমা হামলা হয়েছে। টেলিভিসিয়াঁ নামে পরিচিত এই স্টেশনটি মেক্সিকোর বৃহত্তম টিভি নেটওয়ার্ক। খবর বিবিসি অনলাইনের।এর আগে মাতামোরসে অবস্থিত টেলিভিসিয়াঁর একটি স্টুডিওতে একই ধরনের একটি হামলা চালানো হয়।টেলিভিসিয়াঁয় বোমা হামলার ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এতে টেলিভিশন স্টেশনের ভবনটি ক্ষতিগ্রস্ত হয়।বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলোর মতে, সাংবাদিকদের জন্য বিশ্বের সবচেয়ে অনিরাপদ দেশ হচ্ছে মেক্সিকো।গত মাসে দুরাঙ্গা প্রদেশের একটি কারাগারে সংঘটিত দুর্নীতির অনুসন্ধানী প্রতিবেদন টেলিভিশনের পর্দায় তুলে আনার কারণে অন্য একটি টিভি চ্যানেলের সাংবাদিকের সঙ্গে টেলিভিসিয়াঁর দুজন সাংবাদিককে অপহরণ করা হয়। অপহরণকারীরা পরে দাবি করে, টেলিভিসিয়াঁর একজন ভিডিও সম্পাদক মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত। এ ঘটনায় টেলিভিসিয়াঁ তাদের একটি সংবাদভিত্তিক অনুষ্ঠান বন্ধ করে দেয়।উল্লেখ্য, মন্টেরি মেক্সিকোর একটি পুঁজিপতি অধ্যুষিত অভিজাত শহর। তবে শহরটিতে অপরাধ-প্রবণতা ও সন্ত্রাসবাদ ভয়াবহ আকার ধারণ করেছে।