মেক্সিকোয় সেনাবাহিনীর গুলিতে মাদক চক্রের ২৫ সদস্য নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেক্সিকোর উত্তর-পূর্বাঞ্চলীয় নুভো লিয়ন প্রদেশের বাণিজ্যিক এলাকা মনটেরিতে মাদক চক্রের ওপর সেনাবাহিনীর একটি ঝটিকা অভিযানকালে গুলিতে ওই চক্রের ২৫ জন নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দেশটির সেনাবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। মনটেরি হচ্ছে প্রতিবেশী প্রদেশ তামাউলিপাসের সীমান্তবর্তী এলাকা।জানা গেছে, প্রশিক্ষণার্থী সেনারা বিমান থেকে তাঁদের ভবনের পাশে অস্ত্রধারী এক ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখেন। পরে ওই অস্ত্রধারী সেনাবাহিনীর দিকে গুলি ছুড়লে সংঘর্ষ শুরু হয়। এর আগে মাদক চক্রটি তিনজনকে অপহরণ করেছিল। গতকালের সংঘর্ষের পর তারা মুক্ত হয়। সংঘর্ষের সময় দুজন সেনাসদস্য গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।সেনাবাহিনী গতকাল চক্রটির ২৩টি গাড়ি, প্রায় দুই ডজন বন্দুক এবং শতাধিক গোলা-বারুদ উদ্ধার করে।দেশের প্রেসিডেন্ট ফিলিপ ক্যালডেরন ২০০৬ সালের শেষের দিকে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার সময় থেকে এ পর্যন্ত প্রায় ২৮ হাজার মানুষ মাদক চক্রের হাতে প্রাণ হারিয়েছে।