মেক্সিকোর গ্যাস সরবরাহকেন্দ্রে আগুন, নিহত ২৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেক্সিকোর উত্তরাঞ্চলে একটি গ্যাস সরবরাহকেন্দ্রে গতকাল মঙ্গলবার বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ২৬ জন শ্রমিক মারা গেছেন। রয়টার্সের খবরে বলা হয়, এটি গত কয়েক বছরে দেশটির তেল ও গ্যাসশিল্পে ঘটা দুর্ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর।খবরে বলা হয়, টেলিভিশনের খণ্ডচিত্রে রেইনোজা শহরের কাছের ওই গ্যাস সংকোচনকেন্দ্রে বিস্ফোরণের পর অনেক উঁচুতে আগুনের শিখা ও ধোঁয়া দেখা গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রাকৃতিক গ্যাস পাইপলাইনে করে যেসব সরবরাহকেন্দ্র হয়ে মেক্সিকোতে যায়, ওই কেন্দ্রটি সেগুলোর অন্যতম।রাষ্ট্রায়ত্ত পেট্রোলিয়াম প্রতিষ্ঠান পেট্রোলেওস মেক্সিকানোস (পেমেক্স) ওই গ্যাস সরবরাহকেন্দ্রের দেখভাল করার দায়িত্বে নিয়োজিত। পেমেক্সের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, এই অগ্নিকাণ্ড একটি দুর্ঘটনা।সরবরাহকেন্দ্রটির বিভিন্ন কাজের জন্য নিয়োজিত একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রধান ভিক্টর বারেরা বলেন, যখন প্রথম পাইপলাইনটি বিস্ফোরিত হয়, তখন তিনি সেটি থেকে প্রায় ৩০ মিটার দূরে ছিলেন। তিনি বলেন, ‘আমার এক বন্ধু আমাকে বলেছে, বিস্ফোরণের সময় ট্যাংকের ওপর যে ৪০ জন শ্রমিক কাজ করছিলেন, তাঁরা সবাই পুড়ে মারা গেছেন। আমি ফিরে তাকানোর সময়ও পাইনি। বাঁচার জন্য দৌড়ে পালিয়েছিলাম।’পেমেক্সের কর্মকর্তারা জানিয়েছেন, এতে যুক্তরাষ্ট্র থেকে গ্যাস আমদানি ক্ষতিগ্রস্ত হবে না। ওই সরবরাহকেন্দ্রে মেক্সিকোর বার্গোস গ্যাসক্ষেত্র থেকে তোলা গ্যাস জমা করা হতো।বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। পেমেক্স বলেছে, মঙ্গলবার দুপুরে আগুন নেভানোর পর তদন্তকাজ শুরু হয়েছে। পেমেক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা হুয়ান হোসে সুয়ারেজ কোপ্পেল বলেন, ‘আমাদের হাতে কোনো প্রমাণ নেই যে কেউ বিস্ফোরণটি ঘটিয়েছে। বরং এটি একটি দুর্ঘটনা মাত্র।’ মেক্সিকোতে অপরাধী ও সন্ত্রাসীদের হাতে পাইপলাইনের ক্ষয়ক্ষতি একটি নিয়মিত ঘটনা। অতীতে এ ধরনের হামলায় সরকারের কোটি কোটি ডলারের ক্ষতি হয়েছে।পেমেক্সের কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার যাঁরা মারা গেছেন, তাঁদের চারজন পেমেক্সের কর্মচারী এবং ২২ জন ঠিকাশ্রমিক। সাতজন শ্রমিক এখনো নিখোঁজ। আহত ২৮ জন শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।