মেক্সিকোর দিকে তাকিয়ে বিশ্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলনের কার্যকর অর্থে যাত্রা শুরু হয়েছিল ১৯৯৭ সালে জাপানের ছোট্ট শহর কিয়োটোতে। এখানে বিশ্বের বেশির ভাগ রাষ্ট্রপ্রধান পৃথিবীর জলবায়ুর পরিবর্তন ঠেকাতে বৈঠকে বসেছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া বিশ্বের সব রাষ্ট্র ২০১২ সাল পর্যন্ত বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি ও কার্বন নিঃসরণের পরিমাণ কমাতে রাজি হয়েছিল।২০০৯ সালে ডেনমার্কের কোপেনহেগেনে বসে ঠিক করার কথা ছিল কিয়োটো-পরবর্তী পৃথিবীর তাপ কমাতে কী করবেন বিশ্বনেতারা। পুরো বছরে জলবায়ুর পরিবর্তন নিয়ে চিন্তিত মানুষেরা কোপ-১৫ সম্মেলনের অপেক্ষায় ছিল। ৭ থেকে ১৮ ডিসেম্বর ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে অনুষ্ঠিত হয়ে গেলে আশা-নিরাশার কোপেনহেগেন সম্মেলন। নতুন কোনো আইনগত বাধ্যবাধকতাসহ চুক্তি না হওয়ায় সম্মেলনকে অনেকেই ব্যর্থ হিসেবে দেখছেন। একটি রাজনৈতিক অঙ্গীকার বা কোপেনহেগেন অ্যাকর্ড ঘোষণা হওয়াকে ইতিবাচক হিসেবে মনে করে অনেক দেশ বলছে, শিল্পোন্নত দেশগুলোর চাপ সত্ত্বেও কিয়োটো প্রটোকল চুক্তির ধারাবাহিকতা রক্ষা করাই এই সম্মেলনের সবচেয়ে বড় অর্জন।কিয়োটো চুক্তির পথ ধরে শিল্পোন্নত রাষ্ট্রগুলোর জোট এনেক্স-১ প্রতিবছরই তাদের কার্বন নিঃসরণের পরিমাণ কমিয়েছে। কিন্তু তার পরও ২০০৯-এর এসে জাতিসংঘের আন্তসরকার জলবায়ু পরিবর্তনসংক্রান্ত প্যানেলের (আইপিসিসি) বিজ্ঞানীরা বলছেন, পৃথিবীর তাপমাত্রা এখনো আশঙ্কাজনক হারে বাড়ছে। কার্বন ঘনীভবনের পরিমাণ পর্যবেক্ষণ করে তাঁরা বলছেন, এই হারে তাপমাত্রা বাড়তে থাকলে এই শতাব্দী শেষে মোট তাপমাত্রা বাড়বে ৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।কারণ হিসেবে আইপিসিসির বিজ্ঞানীরা বলছেন, ১৯৯৭ থেকে ২০০৯-এর মধ্যে পৃথিবীর জলে-স্থলে-অন্তরীক্ষে অনেক ঘটনা ঘটেছে। অনেক দেশ ভেঙেছে, নতুন রাষ্ট্র গঠিত হয়েছে। ধনী দেশ আরও ধনী হয়েছে, আর অনেক স্বল্পোন্নত দেশ শিল্পোন্নয়নের দিকে যাত্রা করেছে। চীন, ভারত, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, মেক্সিকোর মতো দেশগুলো ধনী হওয়ার পথে যাত্রা করেছে। ১২ বছরের এই যাত্রায় দেশগুলোর কার্বন নিঃসরণের পরিমাণও পাল্লা দিয়ে বেড়েছে।২০০৭ সালে জাতিসংঘের জলবায়ু সম্মেলন বসেছিল ইন্দোনেশিয়ার পর্যটন শহর বালিতে। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের সব দেশের প্রতিনিধিরা এসে জড়ো হন এ সম্মেলনে। সেখানে বসে সবাই তৈরি করেন বালি কর্মপরিকল্পনা (বালি অ্যাকশন প্ল্যান)। বলা হয়, ২০০৯ সালে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের কোপ-১৫ সম্মেলনে কিয়োটো প্রটোকল চুক্তির ধারাবাহিকতার পাশাপাশি বালি কর্মপরিকল্পনা বাস্তবায়নেও আলোচনা হবে।২০০৭ সালেই জাতিসংঘের আন্তসরকার জলবায়ু পরিবর্তনসংক্রান্ত প্যানেল (আইপিসিসি) প্রকাশ করে বিশ্বের জলবায়ু পরিবর্তনসংক্রান্ত চতুর্থ মূল্যায়ন প্রতিবেদন। প্রতিবেদনে বিশ্বের ভবিষ্যত্ নিয়ে আশঙ্কা প্রকাশ করে বলা হয়, যে হারে জলবায়ু পরিবর্তিত হচ্ছে তাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ, মালদ্বীপসহ বিশ্বের ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলো। বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির বর্তমান হার বজায় থাকলে ২০৫০ সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা এক মিটার বাড়বে।বালি সম্মেলনের পরও কোপেনহেগেন সম্মেলনের আরও কয়েকটি সভার আয়োজন করে ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক ফর ক্লাইমেট চেঞ্জ (ইউএনএফসিসি)। পোল্যান্ডের পোজনেন, জার্মানির বন, বেলজিয়ামের ব্রাসেলস, থাইল্যান্ডের ব্যাংকক শহরে অনুষ্ঠিত এই সভাগুলোতে বিশ্বের বেশির ভাগ দেশের প্রতিনিধিরা অংশ নেন। কিয়োটো প্রটোকলের মেয়াদ শেষ হওয়ার পর ২০১৩ সাল থেকে জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বের শিল্পোন্নত দেশগুলো কী ধরনের পদক্ষেপ নিতে পারে, তার রূপকল্প নিয়ে আলোচনা হয় এ সভাগুলোতে।প্রাক-সভাগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রসহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো থেকে বলা হয়, বর্তমানে বিশ্বের বেশির ভাগ কার্বন নিঃসরণ ঘটাচ্ছে বেসিক দেশগুলো। তাই কিয়োটো প্রটোকল চুক্তি অনুযায়ী, শিল্পোন্নত দেশগুলোর জোট এনেক্স-১-কে কার্বন কমালে হবে না, বেসিক দেশগুলোকেও কার্বন কমাতে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। চীন ও ভারতের পক্ষ থেকে বলা হয়, জলবায়ু পরিবর্তনের জন্য ঐতিহাসিকভাবে দায়ী মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, অস্ট্রেলিয়াসহ ধনী দেশগুলো। তাদেরই সবচেয়ে বেশি দায়িত্ব।চীন-ভারতের দারিদ্র্যের হার কমানো ও মাথাপিছু আয় বাড়াতে হলে শিল্পোন্নয়ন ছাড়া উপায় নেই। কার্বনের পরিমাণ কমাতে হলে হয় তাদের শিল্পকারখানা বন্ধ করে দিতে হবে, নয়তো নিম্নমাত্রার কার্বন নিঃসরণ হয়—এমন ধরনের প্রযুক্তির ব্যবহার করতে হবে। এ জন্য তাদের প্রচুর অর্থের দরকার। ধনী দেশগুলো এই অর্থ দিতে রাজি হলে তারা কার্বন নিঃসরণের পরিমাণ কমাবে।সর্বশেষ ব্রাসেলস বৈঠকে বেসিক দেশগুলো বলে বসে, কোপেনহেগেন সম্মেলনে কার্বন নিঃসরণের পরিমাণ কমানোর ব্যাপারে কোনো বাধ্যবাধকতা আরোপ করলে তারা তা মেনে নেবে না। নভেম্বরে বেসিক দেশগুলো চীনের রাজধানী বেইজিংয়ে নিজেদের করণীয় নিয়ে আলোচনায় বসে। সেখান থেকে তারা সিদ্ধান্ত নেয়, কোনো ধরনের আইনি বাধ্যবাধকতা আরোপ করলে তারা কোপ-১৫ সম্মেলন বর্জন করবে।অন্যদিকে বাংলাদেশসহ স্বল্পোন্নত রাষ্ট্রগুলোর জোট এলডিসি, ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলোর জোট অ্যাওসিস সব বৈঠকেই কিয়োটো প্রটোকল চুক্তি অনুযায়ী, এই শতাব্দী শেষে বিশ্বের তাপমাত্রা দেড় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখা কার্বন ঘনীভবনের পরিমাণ ৩৫০ পিপিএমে সীমাবদ্ধ রাখা ও অভিযোজন তহবিলে জলবায়ু-ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য বিশেষ বরাদ্দ রাখার দাবি তোলে।গত ৭ ডিসেম্বর কোপেনহেগেন সম্মেলন শুরু হওয়ার পর থেকেই শিল্পোন্নত, উন্নয়নশীল, স্বল্পোন্নত ও ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলো পরস্পরবিরোধী অবস্থান নিয়ে বক্তব্য দেওয়া শুরু করে। ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র টুভালু ১ ডিগ্রি ও ৩৫০ পিপিএমে তাপমাত্রা ও কার্বন ঘনীভবনের পরিমাণ সীমাবদ্ধ রাখার দাবিতে সম্মেলন তিন ঘণ্টার জন্য বর্জন করে আলোচনার কেন্দ্রে চলে আসে। পানির নিচে মন্ত্রিসভার বৈঠক করে আগে থেকেই আলোচিত থাকা মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ গণমাধ্যমের কল্যাণে সম্মেলনের শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন আলোচনার কেন্দ্রে। আইপিসিসির সভাপতি রাজেন্দ্র কুমার পাচৌরি, কোপ-১৫ সভাপতি কোনি হেডগার্ড, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এবং রাষ্ট্রপতি বারাক ওবামার মুখে জলবায়ু-ঝুঁকিতে থাকা দেশের উদাহরণ হিসেবে বাংলাদেশের নাম আলোচিত হয়েছে।কোপ-১৫ সম্মেলনের শেষদিকে এসে যখন কোপেনহেগেন ঘোষণার প্রশ্ন এল, তখন সব জোট পরস্পরবিরোধী অবস্থানে অনড় অবস্থান আবারও ঘোষণা করে। জাতিসংঘের মহাসচিব বান কি মুন অচলাবস্থা নিরসনে ডেনমার্ক সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। ১৭ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সম্মেলনে এসে পৌঁছালে তিনিও এই উদ্যোগে শামিল হন। নিজ নিজ অবস্থানে অটল থাকা এনেক্স-১, বেসিক, এলডিসি ও অ্যাওসিসের প্রতিনিধিত্বশীল রাষ্ট্রগুলোর সঙ্গে বৈঠক করেন তিনি। শুরুতে আট ও পরে ২৬টি রাষ্ট্র নিয়ে এই আলোচনায় ‘কোপেনহেগেন অ্যাকর্ড’ নামের একটি রাজনৈতিক অঙ্গীকার তৈরি করা হয়। সম্মেলনের নীতিনির্ধারণী প্ল্যানারি পর্বে কোপেনহেগেন অ্যাকর্ড উত্থাপন করা হলে ল্যাটিন জোটের দেশ কিউবা, ভেনেজুয়েলা, বলিভিয়া, নিকারাগুয়া আর সুদান এর তীব্র বিরোধিতা করে। শেষ পর্যন্ত বিশ্বের বেশির ভাগ দেশ এই অঙ্গীকারকে স্বীকৃতি দেয়। ২০১০ সালের ডিসেম্বরে মেক্সিকোতে অনুষ্ঠেয় কোপ-১৬ সম্মেলনে একটি আইনগত বাধ্যবাধকতাসহ চুক্তি করার ব্যপারে আশা প্রকাশ করেন বিশ্বনেতারা। ২০১০ সালে সবার দৃষ্টি তাই এই ল্যাটিন দেশটির দিকেই থাকবে।