মেক্সিকোর নাম বদলের প্রস্তাব
১৮৮ বছর পর উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর নাম বদলের জন্য দেশটির পার্লামেন্টে বিল আনা হয়েছে। ক্ষমতাসীন প্রেসিডেন্ট ফেলিপ ক্যালডেরন দেশটির সরকারি নাম ‘ইউনাইটেড স্টেটস অব মেক্সিকো’ বদলে শুধু ‘মেক্সিকো’ রাখার জন্য পার্লামেন্টে ওই বিল আনেন।বিবিসির খবরে বলা হয়, মেক্সিকোর বর্তমান নাম ‘ইউনাইটেড স্টেটস অব মেক্সিকো’ গ্রহণ করা হয় ১৮২৪ সালে। এ প্রসঙ্গে প্রেসিডেন্ট ক্যালডেরন এক সংবাদ সম্মেলনে বলেন, ‘অন্য কোনো দেশকে ছাড়িয়ে যাওয়ার উদ্দেশ্য আমাদের নেই। আমার মন্তব্যের জন্য আপনারা আমাকে ক্ষমা করবেন। তবে আমাদের দেশের জন্য মেক্সিকো নামটিই যথার্থ।’বিবিসি আরও জানায়, স্পেন থেকে স্বাধীন হওয়ার পর মেক্সিকোর বর্তমান নামটি গ্রহণ করা হয়। এ নামটি মূলত বিভিন্ন সরকারি নথিপত্র ও মুদ্রায় ব্যবহার করা হয়।তবে দেশের নাম বদলের জন্য দেশটির সংবিধান সংশোধনের প্রয়োজন হবে। এ জন্য দেশটির পার্লামেন্টের উভয় কক্ষের অনুমোদনের প্রয়োজন হবে এবং দেশটির ৩১টি প্রদেশের স্থানীয় পার্লামেন্টের সমর্থন লাগবে। ক্যালডেরন আগামী ১ ডিসেম্বর প্রেসিডেন্ট হিসেবে তাঁর মেয়াদ পূর্ণ করবেন। এর পর নতুন প্রেসিডেন্ট হিসেবে ইনস্টিটিউশন্যাল রেভল্যুশনারি পার্টির এনরিক পেনা নিয়েতো দায়িত্ব গ্রহণ করবেন। তবে মেয়াদ পূর্ণ করার প্রায় এক সপ্তাহ আগে এ ধরনের প্রস্তাব উত্থাপন করে সমালোচনার মুখে পড়েছেন প্রেসিডেন্ট ক্যালডেরন।