মেক্সিকোর মাদক সম্রাট ‘লা বারবি’ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘লা বারবি’ নামে পরিচিত মেক্সিকোর প্রধান মাদক পাচারকারী এডগার ভ্যালদেজকে গতকাল সোমবার গ্রেপ্তার করেছে পুলিশ। প্রেসিডেন্ট ফিলিপ ক্যালডারোনের মাদক চোরাচালানের বিরুদ্ধে লড়াই ঘোষণার পর দ্বিতীয়বারের মতো এ ধরনের একজন ভয়ংকর মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা হলো। খবর রয়টার্সের।পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, ভ্যালদেজকে মেক্সিকোর পার্শ্ববর্তী মরিলস অঙ্গরাজ্যের একটি বাড়ি থেকে প্রায় বিনা প্রতিরোধে গ্রেপ্তার করা হয়।মেক্সিকোর অ্যাটর্নি জেনারেলের দপ্তর থেকে জানানো হয়েছে, অভিযানের সময় পুলিশ ‘লা বারবি’কে অক্ষত অবস্থায় গ্রেপ্তার করেছে। সে বর্তমানে সম্পূর্ণ সুস্থ রয়েছে।এদিকে ভ্যালদেজের গ্রেপ্তারকে প্রেসিডেন্ট ক্যালডারনের একটি বিরাট বিজয় হিসেবেই দেখা হচ্ছে। গত জুলাই মাসে আরেক মাদক সম্রাট ইগনাসিও কারনেল ওরফে নাকো পুলিশি অভিযানে নিহত হয়।এর আগে যুক্তরাষ্ট্র মাদক সম্রাট ভ্যালদেজকে জীবিত ও মৃত ধরিয়ে দেওয়ার জন্য ২০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল। ধারণা করা হচ্ছে, ভ্যালদেজকে যুক্তরাষ্ট্রের হাতে হস্তান্তর করা হতে পারে।যুক্তরাষ্ট্রের নিরাপত্তাবিষয়ক একজন বিশেষজ্ঞ আলবার্তো ইসলাস ভ্যালদেজের গ্রেপ্তারকে একটি অবিস্মরণীয় সফলতা হিসেবে উল্লেখ করেছেন।মেক্সিকোর প্রেসিডেন্ট ক্যালডরন ক্ষমতায় আসার পর মাদক পাচারকারী ও ব্যবসায়ীদের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা করেন। উল্লেখ্য, মেক্সিকোতে মাদক পাচারকারীরা দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বিরাট এক হুমকি। গত তিন বছরে মাদক সন্ত্রাসীদের হাতে মেক্সিকোতে কমপক্ষে ২৮ হাজারেরও বেশি লোকের প্রাণহানি ঘটেছে।