মেক্সিকোয় কারাগারে সংঘর্ষে নিহত ৪৪ (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেক্সিকোর উত্তরাঞ্চলের মনটেরি শহরের একটি কারাগারে গতকাল রোববার বন্দীদের মধ্যে সংঘর্ষে অন্তত ৪৪ বন্দী নিহত হয়েছে। আহত হয়েছে অনেকে। মেক্সিকোর সরকারি বার্তা সংস্থা নটিম্যাক্সের উদ্ধৃতি দিয়ে সিএনএন জানিয়েছে, এ সংঘর্ষের সুস্পষ্ট কোনো কারণ জানা যায়নি। তবে সংঘর্ষে লিপ্ত বন্দীদের অনেকেই মাদক পাচার করার দায়ে কারাভোগ করছিল বলে নিশ্চিত করেছে সিএনএন। নিরাপত্তাবিষয়ক মুখপাত্র জর্জ ডোমিনির বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়, সংঘর্ষরত কোনো কোনো বন্দীকে তাদের জাজিমে অগ্নিসংযোগ করতে দেখা যায়। এ সময় অনেক বন্দী শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। ঘটনার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রয়টার্সের ভিডিওচিত্রে বন্দীদের বহু উদ্বিগ্ন স্বজনকে কারাগারের বাইরে অবস্থান করতে দেখা যায়। অনেকে কারা ফটক খুলে ভেতরে প্রবেশ করার চেষ্টা করে। কয়েকজন স্বজনকে কান্নাকাটি করতেও দেখা যায়। কারাগারে স্বজনের ভাগ্যে কী ঘটেছে তা জানতে উদ্বিগ্ন হয়ে পড়েন অনেকেই। একজন বন্দীর স্বজন রয়টার্সকে বলেন, ‘ভেতরে অনেক নিরীহ বন্দী হতাহত হয়েছে। এখানে আসা স্বজনেরা তাদের নিয়ে খুব উদ্বিগ্ন। আমরা স্বজনদের সঙ্গে কথা বলতে চাই। তাদের চিকিত্সার প্রয়োজন।’ যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে মাদক চোরাচালান পথের নিয়ন্ত্রণের জন্য শক্তিশালী মাদক চক্রের তত্পরতা দেখা যায়। আর প্রায়ই এই তত্পরতার প্রভাব পড়ে নিকটস্থ কারাগারগুলোতে। উল্লেখ্য, মেক্সিকোর প্রেসিডেন্ট ফেলিপ কালদেরন মাদক পাচারকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার পর থেকে গত পাঁচ বছরে দেশটিতে প্রায় ৫০ হাজার মানুষ নিহত হয়।