মেক্সিকোয় ক্যাসিনোতে হামলায় নিহত ৫১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেক্সিকোর একটি ক্যাসিনোতে বন্দুকধারীদের হামলায় গতকাল বৃহস্পতিবার ৫১ জন নিহত হয়েছে। উত্তরাঞ্চলীয় মন্টেরি শহরে ক্যাসিনো রয়েল নামে ওই ক্যাসিনো ভবনে বন্দুকধারীরা আগুন ধরিয়ে দিলে ভবনের ভেতরে অনেকেই আটকা পড়েন। বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।হামলায় আহত একজন দেশটির মিলেনিও টেলিভিশনকে বলেন, চারটি ট্রাকে করে একদল সশস্ত্র মুখোশধারী লোক ক্যাসিনোতে ঢোকে। তারা ভেতরে ঢুকে বিস্ফোরণ ঘটায় এবং ক্যাসিনোতে থাকা লোকজনকে হুমকি দেয়। একপর্যায়ে তারা গ্যাসোলিন ছড়িয়ে আগুন ধরিয়ে দেয়।টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, দমকল কর্মীরা ওই ভবনের আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। আর হতাহতের স্বজনেরা ভবনের বাইরে প্রিয়জনের খবর জানার অপেক্ষায় উদ্বিগ্ন সময় পার করছে। নুয়েভো লিওন প্রদেশের অ্যাটর্নি জেনারেল অ্যাড্রিন ডি লা গারজা স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, হামলায় ৫১ জন নিহত হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।জাতীয় নিরাপত্তা সংস্থার মুখপাত্র আলেজান্দ্রো পোইরি টেলিভিশনে এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেন, সন্ত্রাস বন্ধে সরকার সবকিছু করবে। এ হামলার জন্য দায়ীদের আটক করা হবে।মেক্সিকোর প্রেসিডেন্ট ফিলিপ কালডেরন টুইটার বার্তায় এ হামলাকে সন্ত্রাসীদের বর্বরোচিত কাজ বলেছেন। তিনি সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেন।