মেক্সিকোয় গভর্নর পদপ্রার্থীকে খুন করল মাদকচক্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেক্সিকোর উত্তরাঞ্চলীয় তামাউলিপাস অঙ্গরাজ্যের জনপ্রিয় গভর্নর পদপ্রার্থী রোদোলফো টোরে গতকাল সোমবার আততায়ীর গুলিতে নিহত হয়েছেন। মাদক চক্রের ঘাতকেরা তাঁকে খুন করে বলে সন্দেহ করা হচ্ছে। এ ঘটনা এ পর্যন্ত চোরাচালানকারী চক্রগুলির দ্বারা রাজনৈতিক ভীতি প্রদর্শনের সবচেয়ে খারাপ দৃষ্টান্ত।রাষ্ট্রীয় টেলিভিশনের ছবিতে তামাউলিপাসের ক্ষমতাসীন দল ইনস্টিটিউশনাল রেভলিউশনারি পার্টির (পিআরআই) নেতা রোদোলফো টোরে (৪৬) ও তাঁর চার সহকারীর লাশ একটি মহাসড়কের ওপর পড়ে থাকতে দেখা যায়। আগামী ৪ জুলাই অনুষ্ঠেয় নির্বাচনের একটি প্রচারণা অনুষ্ঠানে যাওয়ার পথে তাঁরা ওঁত পেতে থাকা আততায়ীদের হামলার শিকার হন।এটি গত ১৬ বছরে মেক্সিকোয় ঘটা সবচেয়ে বড় মাপের রাজনৈতিক নেতার হত্যাকাণ্ড। একই সঙ্গে এটি একটি স্থিতিশীল বিকাশমান অর্থনীতি হিসেবে দেশটির যে ভাবমূর্তি, তার ওপর আঘাত হানল। মাদক চক্রগুলো মেক্সিকোর ডজনখানেক অঙ্গরাজ্যে আগামী রোববার অনুষ্ঠেয় গভর্নর, মেয়র ও স্থানীয় ডেপুটি নির্বাচনগুলোকে প্রভাবিত করার চেষ্টা করছে এবং নিরাপত্তা বাহিনীর শক্তি খর্ব করার জন্য তার সঙ্গে বেপরোয়াভাবে লড়াই করছে।মেক্সিকোর ন্যাশনাল অটোনমাস ইউনিভার্সিটির জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞ জাভিয়ার অলিভা বলেন, ‘এটা কোনো সাধারণ বার্তা নয়, এটা একটি চ্যালেঞ্জ। প্রশ্ন হচ্ছে তারা কতদূর যেতে প্রস্তুত?’এ হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টা পর মেক্সিকোর প্রেসিডেন্ট ফিলিপ ক্যালডারন ঘটনাটিকে মেক্সিকোর গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর ওপর একটি কাপুরুষচিত হামলা হিসেবে অভিহিত করে এর তীব্র নিন্দা করেন। তিনি মাদকচক্রগুলোর সঙ্গে তাঁর চলমান লড়াই অব্যাহত রাখার প্রতিজ্ঞা করেন। তিনি নিরাপত্তা বিষয়ে মন্ত্রিসভার একটি জরুরি বৈঠক ডাকেন এবং রাজনৈতিক দলগুলোর প্রতি এ বিষয়ে ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণের আহ্বান জানান। তিনি তাত্ক্ষণিক জরুরি নিরাপত্তাসংক্রান্ত মন্ত্রিপরিষদের সভা আহ্বান করে সব রাজনৈতিক নেতাকে একসঙ্গে মাদকপাচারকারীদের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানান। — রয়টার্স