মেক্সিকোয় বন্দুকধারীদের আক্রমণে ৪০ জন নিহত
মেক্সিকোর দুটি শহরে বন্দুকধারীদের গুলিতে ৪০ জন নিহত হয়েছে।বিবিসি অনলাইন আজ শনিবার পুলিশের বরাত দিয়ে জানায়, একদল বন্দুকধারী দেশটির উত্তরাঞ্চলে চিহুয়াহুয়া শহরে একটি মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে হামলা চালিয়ে ১৯ জনকে হত্যা ও চারজনকে আহত করে।তামাউলিপাস প্রদেশের শিউদাদ মাদেরো শহরে বন্দুকধারীদের কয়েকটি বিচ্ছিন্ন হামলায় আরও ২০ জন নিহত হয়। মাদক চোরাচালানের লাভজনক রুট হিসেবে পরিচিত এই শহর দুটির দখল নিয়ে পাচারকারী চক্রগুলোর বিরোধ এখন চরমে।চিহুয়াহুয়ায় পুলিশের মুখপাত্র ফিদেল বানুয়েলস বলেন, আক্রমণকারীরা মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রে একটি চিরকুট ফেলে যায়, যাতে নিহতদের অপরাধী হিসেবে উল্লেখ করা হয়েছে। হামলাটি বৃহস্পতিবার রাতে ঘটলেও এর খবর প্রথম প্রকাশিত হয় গতকাল শুক্রবার।একজন পুলিশ কর্মকর্তা জানান, ৩০ জনেরও বেশি অস্ত্রধারী হামলায় অংশ নেয়। তারা রোগী ও কর্মচারীদের গুলি করে পালিয়ে যায়।শিউদাদ মাদেরোতে গত বৃহস্পতিবার সংঘর্ষ শুরু হয় এবং তা গতকাল শুক্রবার শেষ হয়। এ সময় বেশ কয়েকজন বন্দুকধারী বিচ্ছিন্ন অনেকগুলো বন্দুকযুদ্ধ ও হত্যাকাণ্ডে জড়িয়ে পড়ে।পুলিশ জানায়, সংঘর্ষ শেষে শহরের পাঁচটি পৃথক জায়গায় গুলিবিদ্ধ অবস্থায় ১৮ জন পুরুষ ও দুজন নারীর মৃতদেহ পাওয়া যায়।মেক্সিকোর প্রেসিডেন্ট ফিলিপি কলডারোন সর্বশেষ এই সহিংসতার নিন্দা করেছেন। এক বার্তায় তিনি বলেন, এগুলো অত্যন্ত জঘন্য কাজ। যারা এসব সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে তাদের বিরুদ্ধে যুদ্ধপরিচালনা করা উচিত।