মেক্সিকোয় ২০ বছরের ছাত্রী নগর পুলিশপ্রধান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৮ থেকে ২০১০। এ দুই বছরেই মেক্সিকোর উত্তরাঞ্চলীয় প্রদেশ চিহুয়াহুয়ার প্রেক্সিডিস জি গুইরো শহরটিতে প্রায় ছয় হাজার হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। খুনাখুনি, সহিংসতা আর মাদক ব্যবসায়ীদের তীর্থভূমি হিসেবেই এ শহর মেক্সিকানদের কাছে পরিচিত। পরিস্থিতি এমন যে শহরটির লোকজন খোদ পুলিশ বাহিনীর ওপরই আস্থা হারিয়েছে।কিন্তু এভাবে আর কয় দিন চলতে পারে! তাই শহরটির মেয়র এই পরিস্থিতির অবসান ঘটাতে ২০ বছর বয়সী অপরাধ বিজ্ঞানের ছাত্রী মারিসোল ভ্যালেজকে প্রক্সিডিস জি গুইরো নগর পুলিশের প্রধান করেছেন। শুনে অবাক লাগছে নিশ্চয়ই! কিন্তু মারিসোল ভ্যালেজ আসলেই বেশ দক্ষ ও আস্থাশীল পুলিশ কর্মকর্তা। তাঁর আগমনে ইতিমধ্যে প্রক্সিডিস জি গুইরোর মানুষের মধ্যে পুলিশের ব্যাপারে কিছুটা হলেও আস্থা ফিরে এসেছে। বিবিসির পক্ষ থেকে তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি নিজের নিরাপত্তা নিয়ে চিন্তিত কি না?বেশ জোর গলায় মারিসোল ভ্যালেজ বললেন, তিনি এই ঝুঁকি সম্পর্কে অবগত আছেন এবং সবকিছু জেনেই এ দায়িত্ব নিয়েছেন। তিনি বলেন, ‘সব ধরনের চাকরিতেই ঝুঁকি থাকে এবং আমি সে সম্পর্কে সচেতেন। আমি এটাও জানি যে আমরা সমস্যার মুখোমুখি, তা মোকাবিলা করতে আমাকে কিছু করতে হবে। আমি কাজটা নিয়েছি কিছু করার জন্য এবং আমি মনে করি এটা সঠিক সিদ্ধান্ত।’ ভ্যালেজ স্থানীয় কুউদাদ জুয়ারিজে অপরাধ বিজ্ঞান নিয়ে পড়া লেখা করছিলেন। তাঁর অধীনে বর্তমানে প্রায় ১২ জনের মতো পুলিশ কর্মকর্তা রয়েছেন। শহরটির মেয়রের কাছ থেকে প্রস্তাব পাওয়ার পর তিনি তাঁর স্বামী ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে আলোচনা করে এ প্রস্তাব গ্রহণ করার সিদ্ধান্ত নেন। শহরটিতে প্রায় ৯৮ হাজার জনসংখ্যা রয়েছে। মারিসোল ভ্যালেজ পুরো শহরটিকে একাধিক ভাগে বিভক্ত করার পরিকল্পনা করছেন। এরপর প্রত্যেক অংশে দুজন করে পুলিশ কর্মকর্তা দিনব্যাপী দায়িত্ব পালন করবেন। মারিসোল ভ্যালেজ বলেছেন, তাঁর পরিকল্পনা হলো এখানকার মানুষের মনে এখন যে ভীতি রয়েছে, তা দূর করা। তাঁর কাজের ক্ষেত্রে কমিউনিটি পুলিশ ব্যবস্থা এবং অপরাধ প্রতিরোধই প্রাধান্য পাবে। তিনি বলেন, ‘একটি সমাজ পরিবর্তনের শর্ত হলো নিরাপত্তা নিশ্চিত করা। আমাদের নিজেদের জন্য এবং আমাদের নাগরিকদের জন্য কিছু করা দরকার।’—বিবিসি