মেক্সিকোয় ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেক্সিকোয় একটি বড় ধরনের ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ৬ দশমিক ৭ মাত্রার এ ভূমিকম্পে শহরের ভবনগুলো প্রচণ্ডভাবে কেঁপে ওঠে। এ সময় লোকজন আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসে। ভূমিকম্পে প্রাথমিক পর্যায়ে দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বাংলাদেশ সময় আজ রোববার সকাল পৌনে আটটায় দেশটির পশ্চিমাঞ্চলীয় গুয়েরিও প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানে। ৬৫ কিলোমিটার গভীরে সৃষ্ট এই ভূ-কম্পন মিকাওকান, পুয়েব্লা ও হিদালগো প্রদেশেও অনুভূত হয় বলে স্থানীয় গণমাধ্যম জানায়। বিভিন্ন শহরের বিদ্যুত্ ব্যবস্থাও ভেঙে পড়েছে। বিবিসি জানায়, এই ভূমিকম্পে আউগোয়ালা শহরে ছাদ ধসে একজন এবং মেক্সিকো-অ্যাকাপুলকো মহাসড়কে ভ্যানের ওপর একটি পাথর পড়ে আরও একজন নিহত হন। ১৯৮৫ সালে মেক্সিকো সিটিতে ৮ দশমিক ১ মাত্রার এক ভূমিকম্প আঘাত হানে। এতে প্রায় ১০ হাজার লোক নিহত হয়।