মেক্সিকোয় ৮ পুলিশ কর্মকর্তাকে অপহরণের পর হত্যা
মেক্সিকোর দক্ষিণাঞ্চলের গিরারো অঙ্গরাজ্যে গত শুক্রবার পুলিশের আটজন সদস্যকে অপহরণের পর গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। মৃতদেহগুলো ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। পুলিশের উদ্ধৃতি দিয়ে বিবিসি অনলাইন আজ রোববার এ তথ্য জানিয়েছে।বিবিসি আরও জানিয়েছে, পুলিশের অপহূত ওই দলটির আরেকজন সদস্যকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। নিহত হওয়া পুলিশ সদস্যের অনেকের মৃতদেহই ক্ষতবিক্ষত অবস্থায় পাওয়া গেছে।পুলিশ জানিয়েছে, অপহূত দলটি তেলোলোয়াপান জেলায় একটি মাদকবিরোধী অভিযানে যাচ্ছিল। সেখানে তাঁরা মাদক ব্যবসায়ীদের একটি বড় বন্দুকধারী গ্রুপের হাতে অপহূত হন। অপহূত দুই কর্মকর্তার মৃতদেহ অপহরণস্থলের কাছেই পাওয়া যায়। অপর ছয়জনের মৃতদেহ অপহরণস্থল থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে পাওয়া যায়।গিরারো অঙ্গরাজ্যটি মেক্সিকোর অন্যতম প্রধান আফিম উত্পাদন অঞ্চল হিসেবে পরিচিত। এটি প্রতিবেশী যুক্তরাষ্ট্র ও প্রশান্ত মহাসাগরীয় অন্যান্য অঞ্চলে মাদক পাচারের ক্ষেত্র হিসেবে ব্যবহূত হয়। এই ক্ষেত্রের নিয়ন্ত্রণ নিয়ে প্রায়ই বিভিন্ন মাদক মাফিয়া গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।