নড়বড়ে টিনের দোচালা ঘর। দরজা-জানালা নেই। সামান্য বৃষ্টিতে ঘরের মেঝে পানিতে সয়লাব হয়ে যায়। তাই আকাশে মেঘ দেখলেই শিক্ষার্থীরা স্কুল ছেড়ে পালায়। শিক্ষকদের চেয়ার-টেবিল এবং শিক্ষার্থীদের বেঞ্চও নেই। শিক্ষক-শিক্ষার্থীরা মেঝেতে চট বিছিয়ে ক্লাস করে। একটি কক্ষেই চলে সব ক্লাস। ঘরের এক কোণে মেঝেতে চট বিছিয়ে শিক্ষকেরা খাতা, চক, ডাস্টার নিয়ে দাপ্তরিক কাজ সারেন। বেতনের অংশ দিয়ে শিক্ষকেরা স্কুলঘর মেরামতের জন্য বাঁশের খুঁটি ও বেড়া দেন।দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের অবহেলিত ও উন্নয়নবঞ্চিত এ বিদ্যালয়টির নাম ‘মহদীপুর রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়’। ২০ বছরেও এর একটি ভবন হয়নি। ভাঙাচোরা টিনের নড়বড়ে ঘরে ঝুঁকি নিয়েই চলছে পাঠদান।জানা গেছে, ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান রবীন্দ্রনাথ সরকার (মৃত) তাঁর বাড়ির পাশে ৩৩ শতাংশ জমির ওপর ১৯৯১ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। এটি ২০০০ সালে এমপিওভুক্ত হয়। এখানে শিক্ষার্থীর সংখ্যা ১৫৯ জন।গত ২৩ সেপ্টেম্বর সরেজমিনে গিয়ে দেখা যায়, ঝুঁকিপূর্ণ ঘরটির মেঝেতে চটের ওপর বসে শিক্ষার্থীরা ক্লাস করছে। একটি ঘরের মধ্যেই তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ক্লাস চলছে। শিক্ষিকা বেবিনা পারভীন তৃতীয় শ্রেণীর ক্লাস নিচ্ছেন। আরেক শিক্ষিকা মুক্তি রানী ঘরের অন্য পাশে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের পড়াচ্ছেন। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আপেল, সাজু, বৃষ্টি ও দুর্জয় জানায়, চটে বসে পড়তে ভালো লাগে না। বৃষ্টি হলে ঘরের ভেতর পানি ঢুকে চট ভিজে যায়। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী পিপাসা, সোহাগী, শিমু ও জয়ন্ত জানায়, ভাঙা ঘরে বসে থাকতে ভয় লাগে। আকাশে মেঘ হলে বাবা-মা স্কুলে আসতে দেন না। দেখা গেল, স্কুলঘরের বাঁশের খুঁটিগুলো নড়বড়ে হয়ে গেছে। টিনে ছিদ্র এবং কোথাও কোথাও দুমড়ে গেছে। বারান্দার খড়ের ছাউনি পচে গেছে। ঘরের মধ্যে একটিও দরজা-জানালা নেই।শিক্ষিকারা জানান, এত স্কুল হচ্ছে, অথচ এই স্কুলটিকে কেউ গুরুত্ব দেয় না। স্কুলটি সংস্কারের জন্যও কেউ পদক্ষেপ নেয় না। স্কুলের অস্তিত্ব টিকিয়ে রাখতে প্রতিবছর অন্তত দুবার শিক্ষকের বেতন থেকে চাঁদা নিয়ে স্কুলঘর মেরামত করা হয়। নড়বড়ে ঘরের মধ্যে শিশুদের নিয়ে বসে থাকতেও ভয় লাগে। এখানে শিক্ষক ও শিক্ষার্থী কারও নিরাপত্তা নেই। বর্ষা মৌসুমে ক্লাস হয় না বললেই চলে। আকাশ খারাপ দেখলেই শিক্ষার্থীদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। তাঁরা আরও বলেন, চুরির ভয়ে চক, ডাস্টার, পেনসিল ও হাজিরা খাতাসহ শিক্ষার উপকরণ শিক্ষকদের বাড়ি রাখতে হয়। প্রতিদিন চটের ব্যাগে ভরে সেগুলো আনা-নেওয়া করেন তাঁরা।শিক্ষিকা মিনা রানী সরকার বলেন, ‘একটি এনজিও দুটি পাকা টয়লেট তৈরি করে দিয়েছে। কিন্তু নলকূপ নেই। সংস্কার ও পানির অভাবে সেটিও ব্যবহার করা যায় না। প্রধান শিক্ষক বাবুল চন্দ্র সরকার বলেন, জেলা ও উপজেলা শিক্ষা অফিসে একাধিকবার আবেদন করেও ভবন নির্মাণ বা সংস্কারের জন্য আর্থিক সাড়া পাইনি। এটা আমাদের দুর্ভাগ্য।’ তিনি বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে সমস্যার কথা জানালে বিষয়টি দ্রুত দেখবেন বলে আশ্বাস দেন।পরিচালনা পর্ষদের সভাপতি জয়ত্রী রানী সরকার বলেন, এই অঞ্চলের মানুষ দরিদ্র। সাহায্য-সহযোগিতা করার মতো লোকজনেরও অভাব। এলাকার আশপাশে কোনো বিদ্যালয় নেই। অনেক চেষ্টা করে এ বছর স্কুলের মাঠ মাটি দিয়ে ভরাট করা হয়েছে।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জ্যোতির্ময় চন্দ্র সরকার বলেন, ‘বিদ্যালয়টি পরিদর্শন করে দেখেছি, খুবই খারাপ অবস্থা। দ্রুত সংস্কার করা উচিত। স্কুলটির বিষয়ে শিক্ষা কমিটিতে আলোচনাও করা হয়েছিল। শিগগিরই ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করা হবে। ভবিষ্যতে যাতে অগ্রাধিকারের ভিত্তিতে ভবন নির্মাণ করা যায়, সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতাপ চন্দ্র বিশ্বাস বলেন, খোঁজ নিয়ে দেখা হবে। প্রয়োজনে শিক্ষা কমিটিতে সিদ্ধান্ত নিয়ে অগ্রাধিকারের ভিত্তিতে স্কুলের সংস্কার এবং ভবন নির্মাণের চেষ্টা করা হবে।