মেঘ মেদুর দিনে ভাওয়াইয়া উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকালের মেঘলা আকাশে ছিল প্রশান্তির বাতাস। এরপর কখনো রোদ, কখনো বৃষ্টি। মেঘমেদুর আবহাওয়ায় জমে উঠেছিল ভাওয়াইয়া উৎসব। গতকাল রোববার ভাওয়াইয়া গানের সংগঠন ‘ভাওয়াইয়া অঙ্গন’এর সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সকালে জাতীয় প্রেসক্লাব থেকে শোভাযাত্রা বের হয়ে কেন্দ্রীয় গণগ্রন্থাগারে শেষ হয়। ঢাক-ঢোল, বাদ্যযন্ত্রে নেচে-গেয়ে শিল্পীরা এই শোভাযাত্রায় অংশ নেন। বিকেলে গ্রন্থাগারের মিলনায়তন হয়ে ওঠে ভাওয়াইয়া শিল্পী ও শ্রোতাদের মিলনমেলা। দলীয় সংগীত ‘ভাওয়াইয়া গান আর দোতারা বাঁশির শিক্ষাপ্রতিষ্ঠান’ গানটি দিয়ে শুরু হয় অনুষ্ঠান। শিল্পীরা ঐতিহ্যবাহী লোকসংগীত ভাওয়াইয়ার সুরে মিলনায়তন মুখর করে তোলেন। তাঁদের পরিবেশিত গানগুলোর মধ্যে ছিল ‘ও কি গাড়িয়াল ভাই’, ‘ও কি ও বন্ধু কাজল ভোমরা’, ‘রংপুরিয়া ভাওয়াইয়া গান’, ‘রংপুরিয়া চ্যাঙড়া বন্ধু রে’, ‘ফান্দে পড়িয়া বগা কান্দে রে’, ‘আজি কী-বা কথা কইবেন’সহ বেশ কিছু ভাওয়াইয়া পরিবেশন করেন শিল্পীরা। উৎসবে গান করেন ঢাকা, রংপুর, রাজশাহী, লালমনিরহাট ও কুড়িগ্রামের জনপ্রিয় ভাওয়াইয়া শিল্পীরা।সন্ধ্যায় আলোচনা পর্বে বরেণ্য শিল্পী ফেরদৌসী রহমানকে ভাওয়াইয়া পদক প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ভাওয়াইয়া অঙ্গনের চেয়ারম্যান সালমা মোস্তাফিজ, ভাওয়াইয়া অঙ্গনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এ কে এম মোস্তাফিজুর রহমান।