মেঘদলের মিউজিক্যাল ছবি ‘অ্যালুমিনিয়ামের ডানা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ প্রজন্মের জনপ্রিয় রক ব্যান্ড দল মেঘদল এবার ‘অ্যালুমিনিয়ামের ডানা’ শিরোনামে একটি মিউজিক্যাল ছবি বানানোর পরিকল্পনা করছে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ব্যান্ডটির গায়ক ও গিটারিস্ট মেজবাউর রহমান সুমন। এ প্রসঙ্গে সুমন জানিয়েছেন, ‘আমরা “অ্যালুমিনিয়ামের ডানা” শিরোনামে মিউজিক্যাল মুভি বানানোর পরিকল্পনা করছি। কাজটি এখন একদমই প্রাথমিক পর্যায়ে রয়েছে। সবেমাত্র পরিকল্পনা করেছি আমরা। বলা যায়, শিরোনাম নির্ধারণ করা ছাড়া আর কোনো কাজই এগোয়নি। তবে মাস দুয়েকের মধ্যেই এর কাজ পুরোদমে শুরু করব।’শুরু থেকেই গানের কথা ও সুরে ব্যতিক্রমী ছোঁয়া ও স্বকীয় বৈশিষ্ট্যের কারণে আলাদা করে নিজেদের পরিচয় তুলে ধরেছে মেঘদল। তাদের প্রকাশিত ‘মেঘদল’ ও ‘শহরবন্দী’ অ্যালবাম দুটি বিভিন্ন মহলে প্রশংসিতও হয়েছে। তবে সুমন জানান, খুব শিগগির আর কোনো অ্যালবাম বের করছেন না তাঁরা। অ্যালবাম বের না করলেও মেঘদলের কার্যক্রম থেমে নেই। ইতিমধ্যেই নতুন অ্যালবামের জন্য তিন-চারটি গান তৈরির কাজ শেষ হয়েছে। এ বছরের মধ্যেই শ্রোতাদের হাতে নতুন অ্যালবাম তুলে দিতে চায় মেঘদল।মেঘদলের বর্তমান লাইনআপ হলো: ভোকাল শিবু, গিটার ও ভোকালে সুমন, লিড গিটারে শোয়েব, বেস গিটারে কিবরিয়া, পারকাশনস ও বাঁশিতে সৌরভ এবং ড্রামসে আমজাদ।