মেঘনা ও ধলেশ্বরী নদীতে কোনো স্থাপনা নির্মাণ নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেঘনা ও ধলেশ্বরী নদীতে তিন মাস কোনো ধরনের স্থাপনা নির্মাণ ও মাটি ভরাট না করতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জরিপের মাধ্যমে নদী দুটির সীমানা নির্ধারণের কেন নির্দেশ দেওয়া হবে না, তা দুই সপ্তাহের মধ্যে জানাতে সরকারের প্রতি রুল জারি করা হয়েছে। একই সঙ্গে নদীর ভেতরে থাকা সব স্থাপনা অপসারণের নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে। গতকাল সোমবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট জনস্বার্থে করা এক রিটের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। পরিকল্পনাসচিব, বন ও পরিবেশ, নৌ-পরিবহনসচিব, পানিসম্পদসচিব, ভূমিসচিব, অর্থসচিব, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান, পরিবেশ অধিপ্তরের মহাপরিচালক এবং কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের জেলা প্রশাসককে আগামী দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।নদী দখলমুক্ত ও সব স্থাপনা অপসারের নির্দেশনা চেয়ে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ ও পার্টনার ইন লিগ্যাল এডুকেশন অ্যান্ড অ্যাসিস্ট্যান্স ফর ডেভেলপমেন্টের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ রিটটি দায়ের ও শুনানি করেন। সরকারপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজরুল ইসলাম তালুকদার।স্বতঃপ্রণোদিত আদেশ: মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের প্রেসিডেন্ট আইনজীবী মনজিল মোরসেদকে ১৫ দিনের মধ্যে পুলিশি নিরাপত্তা দিতে স্বরাষ্ট্রসচিব ও মহানগর পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দিয়েছেন একই আদালত। কেন তাঁর নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দেওয়া হবে না, তা জানাতে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি রুল জারি করা হয়েছে। মনজিল মোরসেদের প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবি করা হয়েছে বলে পত্রিকায় প্রকাশিত খবর নজরে এলে গতকাল আদালত স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।