আড়াই ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়েছে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া গ্রামের বিক্ষুব্ধ জনতা। এ সময়ে মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর উভয় দিকে ৩০-৩৫ কিলোমিটার দীর্ঘ যানজট হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত যানজট কিছুটা কমেছে বলে জানা গেছে। মেঘনা নদী থেকে বালু তোলাকে কেন্দ্র করে নদী খননকারী শ্রমিকদের সঙ্গে বাউশিয়া গ্রামের লোকজনের সংঘর্ষ বাধে। এতে বাউশিয়ার লোকজন ক্ষুব্ধ হয়ে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে সকাল সাড়ে ১০টা থেকে বেলা একটা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখে। এর ফলে সৃষ্ট যানজটে আটকা পড়া যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কটি চার লেনে উন্নীত করার কাজ চলছে। খনন শ্রমিকরা মেঘনা নদী থেকে বালু তুলতে গেলে বাউশিয়া গ্রামের লোকজন প্রতিবাদ জানায়। শ্রমিকদের সঙ্গে দাউদকান্দি অংশের কয়েকটি গ্রামের লোকজনও যোগ দেয় বলে দাবি করে বাউশিয়া গ্রামের বাসিন্দারা। এ সময় শ্রমিকরা সেখান থেকে তিনজনকে আটক করে দাউদকান্দি থানায় নিয়ে আসে। পরে গজারিয়া থানার পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আটক হওয়া ওই তিনজনকে দাউদকান্দি থেকে ফেরত নিয়ে আসেন। এর পরিপ্রেক্ষিতে বিক্ষুব্ধ জনতা অবরোধ তুলে নেয়। দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তথ্য ও তদন্ত) ফজলে রাব্বী জানান, মহাসড়কে চার লেনের কাজের জন্য মেঘনা নদী থেকে ড্রেজিংয়ের মাধ্যমে বালু তোলা হচ্ছিল। এ সময় বাউশিয়া গ্রামের লোকজন বাধা দিলে খনন শ্রমিকরা সেখান থেকে তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে। গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরজু মিয়া বেলা সাড়ে ১১টায় প্রথম আলোকে বলেন, নদীতে ইজারা বহির্ভূত জায়গা থেকে বালু তোলার সময় গজারিয়ার কয়েকটি গ্রামের সহস্রাধিক লোকজন বাধা দিলে দাউদকান্দি থানার পুলিশ তিনজনকে আটক করে নিয়ে যায়। এর প্রতিবাদে গজারিয়া অংশের লোকজন বিভিন্ন জায়গায় টায়ার, গাছের গুঁড়ি ফেলে মহাসড়ক অবরোধ করে রাখেন। গজারিয়ার নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান প্রথম আলোকে জানান, দাউদকান্দি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আটক তিনজনকে ফিরিয়ে আনা হয়েছে।