মেঘনা থেকে বাঁশ ও বালু সরিয়ে নিচ্ছে মেরিটিমাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেঘনা নদী থেকে বাঁশ ও বালু সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে মেরিটিমাস লিমিটেড। গতকাল রোববার বিকেল চারটার দিকে মেরিটিমাসের একজন কর্মকর্তার তদারকিতে ২৫ থেকে ৩০ জন শ্রমিক ওই কাজ শুরু করেন।মেরিটিমাস লিমিটেড মুন্সিগঞ্জের গজারিয়া ও নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সীমান্তবর্তী মেঘনা নদীর বিস্তীর্ণ এলাকা বাঁশ পুঁতে ও বালু ফেলে জাহাজ নির্মাণ কারখানার নাম করে দখল করে। এ নিয়ে গত মঙ্গলবার প্রথম আলোতে ‘বাঁশ-বালুতে মেঘনা ভরাট’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি প্রশাসনসহ সবার নজরে আসে।গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, শ্রমিকেরা নদী থেকে বাঁশ ও বালু সরিয়ে নিচ্ছেন। এ কাজের তদারকি করছেন মেরিটিমাসের লজিস্টিক কর্মকর্তা ফজলুর রহমান। তিনি বলেন, ‘পরিবেশ অধিদপ্তরের নির্দেশ পাওয়ার পরদিন বাঁশ ও বালু সরিয়ে নেওয়ার জন্য আমরা মেঘনায় গিয়েছিলাম। কিন্তু পুলিশের বাধার কারণে তা সম্ভব হয়নি। পুলিশের কাছ থেকে অনুমতিপত্র নেওয়ার পর আজ (রোববার) বিকেল চারটা থেকে আমরা কাজ শুরু করি।’ ফজলুর রহমান জানান, আজ সোমবার বেশিসংখ্যক শ্রমিক নিয়ে দ্রুত বাঁশ ও বালু সরিয়ে নেওয়া হবে। যত দ্রুত সম্ভব এই কাজ শেষ করা হবে।গতকাল বিকেল প্রায় সাড়ে পাঁচটা পর্যন্ত শ্রমিকদের কাজ করতে দেখা যায়।পরিবেশ অধিদপ্তর মুন্সিগঞ্জ জেলা শাখার সহকারী পরিচালক সোনিয়া সুলতানা মেঘনা থেকে বাঁশ ও বালু সরানোর কাজ শুরুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আমরা সার্বক্ষণিকভাবে বাঁশ ও বালু সরিয়ে নেওয়ার কাজ পর্যবেক্ষণ করছি।’সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী জানান, পরিবেশ অধিদপ্তরের কাগজ পেতে দেরি হওয়ায় বাঁশ ও বালু সরিয়ে নেওয়ার অনুমতিপত্র দিতে দেরি হয়।প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশের পরদিন গত বুধবার পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ওই এলাকা পরিদর্শন করেন। গত বৃহস্পতিবার মেরিটিমাসের তিন কর্মকর্তাকে ঢাকার আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ে ডেকে প্রায় ২৫ লাখ টাকা জরিমানা এবং তিন দিনের মধ্যে সবকিছু সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। গতকাল শেষ দিনে এগুলো সরানোর কাজ শুরু করে মেরিটিমাস।