মেঘনা থেকে বালু তোলার প্রতিবাদ করায় সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার চর বাউশিয়ায় গতকাল মঙ্গলবার কয়েক হাজার গ্রামবাসী ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। মেঘনা থেকে বালু তোলার প্রতিবাদ জানানোর ঘটনাকে কেন্দ্র করে তিন গ্রামবাসীকে পুলিশ আটক করলে ক্ষুব্ধ জনতা প্রায় তিন ঘণ্টা মহাসড়কে অবস্থান নেয়।সকাল ১০টা থেকে বেলা প্রায় একটা পর্যন্ত এই অবরোধে মহা-সড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীত করতে মেঘনা-গোমতী সেতুর স্থানে মাটি ভরাটের দায়িত্ব পায় বি কে সিন্ডিকেট গ্রুপ। এই গ্রুপে গজারিয়া ও কুমিল্লার দাউদকান্দির আওয়ামী লীগের কয়েকজন নেতা রয়েছেন।মহাসড়কের কাজের জন্য গতকাল সকাল নয়টার দিকে মেঘনা-গোমতী সেতুর কাছে মেঘনার তীরঘেঁষে বালু তুলছিল বি কে গ্রুপের লোকজন। এ সময় আশপাশের গ্রামবাসী তাদের গ্রাম ভেঙে যাওয়ার আশঙ্কায় বালু তোলার কাজে বাধা দেয়। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে মো. রবিন (২২) ও সুরুজ মিয়াসহ (২৩) কয়েকজন গ্রামবাসী আহত হন। রবিনকে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সংঘর্ষের খবর পেয়ে দাউদকান্দি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। বালু তোলা লোকজন চর বাউশিয়া গ্রামের মো. ইব্রাহীম (২৩), মো. সানাউল্লাহ (২২) ও মো. হালিমকে (২২) আটক করে পুলিশে দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বালু তোলা লোকজনের পক্ষে অবস্থান নেয় বলে অভিযোগ করে গ্রামবাসী।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তিনজনকে আটকের খবর ছড়িয়ে পড়লে সকাল ১০টার দিকে বাউশিয়া গ্রামের কয়েক হাজার গ্রামবাসী মহাসড়ক অবরোধ করে। তারা গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে মহাসড়কে অবস্থান নেয়। এতে মহাসড়কের উভয় দিকে অন্তত ৩০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। একদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁ, অন্যদিকে দাউদকান্দি চৌরাস্তা পর্যন্ত যানজট ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বেলা একটার দিকে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান ও দাউদকান্দির ইউএনও আনোয়ারুল নাসির এবং গজারিয়া ও দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) ঘটনাস্থলে যান। তাঁরা তিন গ্রামবাসীকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে আনেন এবং বালু তোলার কাজ বন্ধ রাখার আশ্বাস দেন। এতে শান্ত হয়ে গ্রামবাসী অবরোধ তুলে নেয়। অবরোধ তুলে নেওয়ার পরও যান চলাচল স্বাভাবিক হতে আরও কয়েক ঘণ্টা সময় লাগে।এলাকাবাসীর অভিযোগ, বালু তোলার সঙ্গে গজারিয়ার ইমামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য মনসুর আহমেদ জিন্নাহসহ আওয়ামী লীগের কয়েকজন নেতা জড়িত। বাউশিয়া গ্রামের বাসিন্দা মাহমুদ হোসেন জানান, তিন মাস ধরে বালু তোলা হচ্ছে। এর আগেও বিষয়টি নিয়ে গ্রামবাসীর সঙ্গে বালু তোলা লোকজনের সংঘর্ষ হয়।যোগাযোগ করা হলে চেয়ারম্যান মনসুর আহমেদ জিন্নাহ প্রথম আলোকে বলেন, ‘আমি ওই বালু তোলার সঙ্গে জড়িত নই। এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র।’গজারিয়া থানার ওসি আরজু মিয়া জানান, বালু তোলা লোকজন তিনজন গ্রামবাসীকে আটক করে দাউদকান্দি পুলিশের কাছে তুলে দেয়। এর প্রতিবাদেই গ্রামবাসী মহাসড়ক অবরোধ করে। দাউদকান্দি থানার ওসি (তদন্ত) সৈয়দ মো. ফজলে রাব্বী জানান, তিন গ্রামবাসীকে আটক করলেও পরে ছেড়ে দেওয়া হয়।গজারিয়ার ইউএনও মো. আসাদুজ্জামান বলেন, ‘তিন গ্রামবাসীকে ছেড়ে দেওয়া হয়েছে। আপাতত বালু তোলা বন্ধ রাখার আশ্বাস দিলে জনগণ অবরোধ তুলে নেয়।’