মেঘনা দখলমুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার পাশে মেঘনা নদী দখলের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এ ব্যাপারে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দিয়েছেন।আশুগঞ্জের চর চারতলা এলাকার মেঘনা নদীর তীর থেকে ভেতরে প্রায় ৪০০ ফুট নদী দখল করেছে নিউ এশিয়া সিনথেটিক লিমিটেড নামের একটি কোম্পানি। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মেজর (অব.) এ মতিন চৌধুরী বাণিজ্য মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ লুৎফুল হাইয়ের ভায়রা। দেশের প্রধান তিন নদীর অন্যতম মেঘনার এই দখল নিয়ে গতকাল ‘দখলের কবলে মেঘনা’ শিরোনামে প্রথম আলোয় একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। প্রধানমন্ত্রী গতকাল বুধবার আশুগঞ্জে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র উদ্বোধনের পর ব্রাহ্মণবাড়িয়া শহরে যান। সেখানে ২৫০ শয্যার হাসপাতাল উদ্বোধনের পর বিকেল চারটায় সার্কিট হাউসে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এ এন এম সিদ্দিকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত একাধিক সূত্র জানায়, প্রধানমন্ত্রী মেঘনা নদী দখলের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবদুল মান্নানকে দ্রুত নদী দখলমুক্ত করার পদক্ষেপ নিতে বলেন।বিকেলে শহরে জনসভা শেষ করে সন্ধ্যা পৌনে ছয়টায় প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশে রওনা দেন। কর্মকর্তারা জানান, হেলিকপ্টারে ওঠার আগে প্রধানমন্ত্রী আবার চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারকে নদী দখলমুক্ত করার বিষয়ে পদক্ষেপ নিতে বলেন।ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার মো. মোখলেছুর রহমান প্রথম আলোকে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি খুবই গুরুত্ব সহকারে নিয়েছেন। তিনি এ ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে বলেছেন। দ্রুত মেঘনা নদীর দখল উচ্ছেদের জন্য ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।’চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এ এন এম সিদ্দিক প্রথম আলোকে বলেন, ‘নদী দখলের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রধানমন্ত্রী আমাদের এ ব্যাপারে যথাযথ নির্দেশনা দিয়েছেন। আমরা খুব দ্রুত এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেব। দখল উচ্ছেদসহ যা যা করার সবই করা হবে এবং সেটি হবে দ্রুততম সময়ের মধ্যে।’আশুগঞ্জ সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক মো. উসমান গনি প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রী গতকাল নদী দখলমুক্ত করার নির্দেশ দিয়েছেন বলে তাঁরা জানতে পেরেছেন। কারণ এই দখল বলবৎ থাকলে সার কারখানাটি হুমকিতে পড়বে।