মেঘনা নদী ভরাটের কাজে ব্যবহূত দুটি ড্রেজার, ৩৭টি পাইপ, পুঁতে রাখা প্রায় তিন লাখ বাঁশসহ অন্যান্য সামগ্রী জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। মুন্সিগঞ্জের গজারিয়া ও নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সীমান্তবর্তী মেঘনা নদীর বিস্তীর্ণ এলাকা দখল করে বালু দিয়ে ভরাট করছিল মেরিটিমাস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। অভিযান টের পেয়ে প্রতিষ্ঠানের লোকজন পালিয়ে যায়। গতকাল বুধবার বিকেলে বাংলাদেশ পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মনোয়ার ইসলামের নেতৃত্বে প্রতিষ্ঠানের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ র্যাবের একটি দল ঘটনাস্থলে যায়। ভরাট করা এলাকা পরিদর্শন করে মহাপরিচালক বলেন, ‘আমরা প্রথম আলোর মাধ্যমে ঘটনাটা জানতে পেরেছি। তবে এখানে এসে দেখা গেল, তারা নদীর বেশ বড় একটা অংশ বাঁশ পুঁতে ভরাট করছে। পরিবেশ আইনে আছে, নদী ভরাট করা অপরাধ। নদীর গতিপথ পরিবর্তন করা যাবে না। এখানে নদী ভরাট করে গতিপথ বাধাগ্রস্ত করা হয়েছে।’ তিনি আরও বলেন, তারা (মেরিটিমাস) সম্পূর্ণ অবৈধভাবে কথিত জাহাজ কারখানা করার কাজ করছে। পরিবেশের ছাড়পত্রের জন্য আবেদনই করেনি। তাদের কারণে পরিবেশের অনেক ক্ষতি হবে। নদীর জীববৈচিত্র্যের ক্ষতি হবে। নদীতে চর পড়ে যাবে। এর ক্ষতি অনেক। মহাপরিচালক বলেন, ‘এসব ক্ষতি নিরূপণ করে ক্ষতিপূরণ আদায় করা হবে। নদী যে অবস্থায় ছিল, সেই অবস্থায় ফিরিয়ে আনতে মেরিটিমাসকেই আবার উদ্যোগ নিতে হবে। সেভাবেই আমরা এগোচ্ছি। আমরা কেরানীগঞ্জে বুড়িগঙ্গার একটি দখল করা স্থানকে আবার দখলকারীকে দিয়েই নদীতে রূপান্তরিত করেছিলাম। এখানে সেটাই করা হবে।’ পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান বলেন, মাটি ভরাট কাজের সব মালামাল জব্দ করা হয়েছে। এখানে তারা কয়েক ধরনের অপরাধ করেছে। তাদের বিরুদ্ধে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এক. নদী দখল করা হয়েছে। দুই. তাদের কোনো পরিবেশের ছাড়পত্র নেই। তিন. জাহাজ নির্মাণ কারখানার অবস্থান সার্টিফিকেট নেই। সব ক্ষতি নিরূপণ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ অধিদপ্তরের ঢাকা বিভাগের পরিচালক সুকুমার বিশ্বাস বলেন, জব্দকৃত মালামাল স্থানীয় চর কিশোরগঞ্জ পুলিশ ফাঁড়ির জিম্মায় দেওয়া হয়েছে। এর আগে ঘটনাস্থলে পৌঁছে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মনোয়ার হোসেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. শামসুর রহমানের সঙ্গে মুঠোফোনে কথা বলেন। মহাপরিচালক নদী দখলের সঙ্গে জড়িত মেরিটিমাসের কয়েকজন কর্মকর্তার মোবাইল ফোন নম্বর সংগ্রহ করে তাদের ঘটনাস্থলে আসার জন্য বলেন। কিন্তু তাঁরা কেউই আসেননি। গতকাল বিকেলের এই অভিযানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান, মুন্সিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মমতাজউদ্দিন আহমেদ, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক আবদুল খালেক ও পরিবেশ অধিদপ্তরের মুন্সিগঞ্জ জেলার সহকারী পরিচালক সোনিয়া সুলতানা প্রমুখ। অভিযানের সময় উপস্থিত চর কিশোরগঞ্জ গ্রামবাসী স্বস্তি প্রকাশ করেন।