মামলা ও উচ্ছেদের প্রস্তুতি জেলা প্রশাসনের
মেঘনার ১০০ মিটার দখল, মন্ত্রণালয়ে প্রতিবেদন
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার পাশে মেঘনা নদী দখলের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে পরিবেশ ও বন, শিল্প এবং ভূমি মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন পাঠিয়েছে জেলা প্রশাসন। প্রতিবেদনে বলা হয়েছে, এভাবে নদী দখল পরিবেশের জন্য হুমকি। এই দখলের কারণে সার কারখানার উৎপাদনও চরম ঝুঁকিতে পড়বে।জানা গেছে, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. হিরুজ্জামানকে প্রধান করে করা তদন্ত কমিটি ১৩ মে জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন জমা দেয়। ওই প্রতিবেদনের ভিত্তিতে ভূমি, শিল্প ও পরিবেশ মন্ত্রণালয়ে চিঠি দেন জেলা প্রশাসক।তদন্ত প্রতিবেদনে বলা হয়, নদীর প্রায় ১০০ মিটার এলাকা দখল করে ভরাট করা হয়েছে। সরকারি খাসজমি দখল করা হয়েছে দুই একর ৪৮ শতাংশ।নদী দখলমুক্ত করতে উচ্ছেদ মামলার অনুমতি চেয়ে সহকারী কমিশনার (ভূমি) গতকাল সোমবার জেলা প্রশাসকের কাছে প্রস্তাব পাঠিয়েছেন। সহকারী কমিশনার (ভূমি) মনিরা বেগম প্রথম আলোকে বলেন, অনুমতি পেলেই মামলা করে উচ্ছেদ অভিযান শুরু করা হবে।দেশের অন্যতম প্রধান নদী মেঘনার এই দখল নিয়ে প্রথম আলোয় খবর প্রকাশের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরপর প্রশাসন এই উদ্যোগ নিল।আশুগঞ্জ সার কারখানা প্রথম শ্রেণীর বিশেষ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান (কেপিআই)। তাই প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও প্রতিরক্ষা-সচিবের কাছেও প্রতিবেদনের অনুলিপি দেওয়া হয়েছে।ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবদুল মান্নান জানান, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে এ ব্যাপারে প্রতিবেদন পাঠানো হয়েছে। তবে এ নিয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি তিনি।আশুগঞ্জ সার কারখানার পাশে চর চারতলা এলাকার মেঘনা নদীর তীর থেকে ভেতরে প্রায় ৪০০ ফুট নদী দখল করেছে নিউ এশিয়া সিনথেটিক লিমিটেড নামের একটি কোম্পানি। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মেজর (অব.) এ মতিন চৌধুরী বাণিজ্য মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ লুৎফুল হাইয়ের ভায়রা।ঠিকাদারি প্রতিষ্ঠানের সংবাদ সম্মেলন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেঘনা দখলমুক্তের নির্দেশ দিলেও দখলদারেরা সেখানে কারখানা করতে তৎপরতা চালিয়ে যাচ্ছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের দূরপাল্লার যাত্রীদের জন্য নির্মিত আশুগঞ্জের হোটেল উজান-ভাটির দোতলার চায়নিজ ফ্লোরে সংবাদ সম্মেলন করা হয়।‘আশুগঞ্জ নাগরিক ফোরাম’-এর নামে ডাকা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন দখলকারী হিসেবে চিহ্নিত নিউ এশিয়া সিনথেটিক লিমিটেডের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মজনু ট্রেডার্সের সমন্বয়কারী মো. মিজানুর রহমান। তিনি দাবি করেন, চর চারতলায় কোনো নদী দখল করা হচ্ছে না। নিউ এশিয়া সিনথেটিক লিমিটেড ৫০ থেকে ৬০ বিঘা জমি কিনেছে।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনিসুর রহমান, যুগ্ম সম্পাদক আহমেদ আলী, উপজেলা যুবলীগের সভাপতি হানিফ মুন্সি, উপজেলা ছাত্রলীগের সভাপতি মতিউর রহমান সরকার, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান প্রমুখ।সংবাদ সম্মেলনে মিজানুর রহমান বলেন, আশুগঞ্জ সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক চান না আশপাশে অন্য কোনো শিল্পকারখানা হোক। আর মাটি ভরাটের কারণে পানি ঘোলা হয়ে যাচ্ছে বলে যে অভিযোগ করা হচ্ছে, সেটিও ভিত্তিহীন।এ ব্যাপারে আশুগঞ্জ সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক মো. উসমান গনি প্রথম আলোকে বলেন, ‘এখানে আমার চাওয়ার কিছু নেই। সরকার যদি চায় সার কারখানাটিকে মৃত বানিয়ে ফেলবে, তাহলে এখানে অন্য প্রতিষ্ঠানের অনুমতি দিতে পারে। কিন্তু সার কারখানার মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের (কেপিআই) পাশে অন্য কোনো প্রতিষ্ঠান গড়ে উঠতে পারে না। আর নদী ভরাটের কারণে কারখানায় এরই মধ্যে নানা সমস্যা শুরু হয়েছে। অথচ আমরা প্রতিষ্ঠানের টাকা খরচ করে নদী খনন করেছিলাম। কিন্তু তারা নদী দখল করছে।’