মেঘনায় অবৈধভাবে চলছে চিংড়ির পোনা শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মেঘনা নদী ও সংযোগ খাল থেকে মৌসুমে প্রায় দেড় শ কোটি টাকার গলদা চিংড়ির পোনা ধরা হয়। নিষিদ্ধ হলেও বছরের চৈত্র থেকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত মেঘনাপারের প্রায় ১০ হাজার জেলে চিংড়ির পোনা সংগ্রহ করেন। এ সময় বিভিন্ন প্রজাতির পোনা নষ্ট করে ফেলা হয়।পোনা সংগ্রহ: উপজেলার দক্ষিণ চরবংশী গ্রামের স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, চাঁদপুরের হাইমচর থেকে রামগতির আলেকজান্ডার পর্যন্ত প্রায় এক শ কিলোমিটার দীর্ঘ মেঘনা এবং এর সংযোগ খাল গলদা চিংড়ির পোনার বিচরণক্ষেত্র। চৈত্র থেকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত চিংড়ি চাষের উপযুক্ত সময়। এ সময় রায়পুর উপজেলার প্রায় ৪০ কিলোমিটার মেঘনাপারের জেলেরা মশারি, জাল, ছাঁকনি ও চাদর দিয়ে পোনা শিকার করেন। জেলে আবদুল আলী, কালাম ও বাবুল জানান, একজন দিনে এক শ থেকে দুই হাজার পোনা ধরতে পারেন। পোনার হাট: চিংড়ির পোনাকে কেন্দ্র করে মেঘনাপারের হাজিমারা, পানিরঘাট, নতুন ব্রিজ ও বালুরচরে আড়ত গড়ে উঠেছে। প্রতিদিন হাট বসে এসব এলাকায়। আড়তদার রহিম চৌকিদার জানান, ‘মৌসুমে তিন মাস চিংড়ির ব্যবসা হয়। এই ব্যবসায় আমি লেনদেন করি ৬০ থেকে ৭০ লাখ টাকা। সব দিক “ম্যানেজ” করেই এই ব্যবসা করি।’ দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গাজী মোস্তফা কামাল জানান, এক মৌসুমেই প্রায় দেড় শ কোটি টাকার চিংড়ির পোনা ধরা হয়। আর এ কাজ করেন অন্তত ১০ হাজার জেলে।চরবংশী গ্রামের জেলে ইমান হক বলেন, ‘এই পোনার কারণে আমগো বাইগ (ভাগ্য) খুলি গেছে।’ জেলেরা জানান, এই মৌসুমে জেলেদের হাতে কিছু নগদ টাকা আসে। চলতি বছর গলদার পোনা বেশি ধরা পড়ছে।মেঘনার পোনার চাহিদা বেশি: মেঘনা নদীর চিংড়ির পোনার চাহিদা অনেক বেশি। এই পোনা তিন-চার মাসের মধ্যে বিক্রির উপযুক্ত হয়। এই সময়ের চার-পাঁচটি চিংড়ির ওজন হয় প্রায় এক কেজি। এতে চিংড়িচাষিরা অল্প সময়ে বেশি লাভবান হন। এ কারণে মেঘনায় চিংড়ির পোনা নিধনের প্রবণতাও অনেক বেশি।প্রায় ১৮ বছর ধরে চিংড়ির পোনার ব্যবসার জড়িত আবুল সর্দার। তিনি জানান, অল্প সময়ে বিক্রির উপযুক্ত হয় বলে মেঘনার চিংড়ির পোনার কদর বেশি। বিভিন্ন প্রজাতির মাছ ধ্বংস: মশারি দিয়ে নদীর পানি ছেঁকে পোনা ধরা হয়। এসব পোনা ধরার সময় চিংড়ি ছাড়াও বিভিন্ন প্রজাতির মাছের পোনা ও ডিম জালে ওঠে। চিংড়ির পোনা বাছাইয়ের পর সময়ই অন্য মাছের ডিম ও পোনার অধিকাংশই নষ্ট হয়ে যায়। পোনা নিধন চললেও চলতি মৌসুমে এখনো কোনো অভিযান চালানো হয়নি। চিংড়ির পোনা শিকার নিষিদ্ধের বিষয়টি জানেন না অনেকেই। পোনা ব্যবসায়ী আলাউদ্দিন সিকদার বলেন, ‘চিংড়ির পোনা ধরা যে অবৈধ, তা আমরা জানি না।’ পুলিশের বখরা: প্রতিদিন রায়পুর থেকে প্রায় ১০০ পাতিল গলদা চিংড়ির পোনা দেশের দক্ষিণাঞ্চলে যায়। এসব পোনা ট্রাক, বাস ও লঞ্চযোগে পাঠানো হয়। পোনা পাঠানোর সময় হাজিমারা ফাঁড়ির পুলিশকে ১০০ টাকা করে চাঁদা দিতে হয় বলে অভিযোগ রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে একজন আড়তদার বলেন, ‘পোনা ধরা অবৈধ। পুলিশ যেন ঝামেলা না করে, সে জন্য পাতিলপ্রতি ১০০ টাকা করে দেওয়া হয়।’তবে হাজিমারা ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মইনুল ইসলাম বলেন, ‘টাকা নেওয়ার অভিযোগ সঠিক নয়। আর পোনা ধরার অভিযোগ পাইনি। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।’ রায়পুর মৎস্য প্রজনন ও প্রশিক্ষণকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা আরিফ হোসেন বলেন, এভাবে পোনা নিধন অব্যাহত থাকলে বিভিন্ন প্রজাতির মাছ বিলুপ্ত হওয়ার আশঙ্কা দেখা দেবে।রায়পুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. বেলাল হোসেন পাটোয়ারী বলেন, গলদা চিংড়ির পোনা ধরা নিষিদ্ধ। পোনা নিধন প্রতিরোধে অভিযান চালানো হবে।