মেঘনায় ইলিশের আকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেঘনা নদীতে জেলেদের জালে ইলিশ পড়ছে না। অথচ এখন ইলিশ মাছের ভরা মৌসুম। এ সময় ইলিশের ঝাঁকে জাল ভারী না হলে জেলেদের মন ভরে না। ইলিশের রুপালি ঝিলিক না দেখলে চোখ জুড়ায় না। ইলিশ না পেয়ে হতাশ ভোলার জেলেপাড়ার মানুষেরা।জেলেরা জানান, জ্যৈষ্ঠ মাসের শুরু থেকে কার্তিকের শেষ পর্যন্ত ইলিশ ধরার মৌসুম। এর মধ্যে আষাঢ়-শ্রাবণ ইলিশের ভরা মৌসুম। সে অনুযায়ী এখন জালে দেদার ইলিশ পড়ার কথা। কিন্তু তা পড়ছে না।ভোলার দৌলতখান উপজেলার মেদুয়া ইউনিয়নের বাঁধের পাড়ে থাকেন মো. হানিফ (৩৪)। মেঘনা নদীতে মাছ ধরে সংসার চলে তাঁর। ইলিশের আকালে অচল হওয়ার জোগাড় তাঁর পাঁচ সদস্যের সংসার।৮ জুলাই সকালে বাঁধের ওপর হানিফের সঙ্গে কথা হয়। প্রথম আলোকে তিনি বলেন, খুব ভোরে, ফজরের আজানের আগে কয়েকজন জেলে মিলে তাঁরা নদীতে জাল ফেলেন। জাল তোলার পর মাত্র দুটি ইলিশ পান। বিক্রি করে পাওয়া গেছে ২৫০ টাকা। তা-ও আবার চার ভাগ হয়েছে।হানিফের ভাষ্য, টাকার লোভে আজকাল জেলে না হয়েও অনেকে ডিমভরা ইলিশ ধরে বিক্রি করছে। এতে ইলিশের বংশবৃদ্ধি ব্যাহত হচ্ছে। এটিই ইলিশের আকাল দেখা দেওয়ার মূল কারণ।সরেজমিনে দেখা যায়, হানিফের মতো অনেক জেলে মেঘনায় ইলিশ না পেয়ে বেকার বসে আছেন। তাঁরা জানান, ইঞ্জিনচালিত নৌকা (বড় ট্রলার) নিয়ে গেলে তাঁদের জ্বালানি তেল ও খাবার খরচই উঠতে চায় না। এ জন্য মাছ ধরতে না গিয়ে বসে আছেন।মেদুয়া মাঝিরহাটের ইঞ্জিনচালিত নৌকার মাঝি মো. ফারুক (৩২) প্রথম আলোকে বলেন, মৌসুমের শুরুতে অনেক আশা নিয়ে তিনি জাল নিয়ে নদীতে যান। মাছ না পেয়ে শেষে তাঁকে শূন্য হাতে ফিরতে হয়েছে। বারবার একই ঘটনা ঘটায় এখন ইলিশ ধরতে যাওয়ার উৎসাহও কমে গেছে। জ্বালানি তেলসহ আনুষঙ্গিক খরচ বেড়ে যাওয়াও তাঁদের মাছ ধরতে না যাওয়ার একটি বড় কারণ।মদনপুরের জেলে সিরাজ মাঝি (৪৫), নাছির মাঝি (৩৫), নুরুল ইসলাম মাঝিসহ (৪৯) অনেক জেলে বলেন, ট্রলার নিয়ে মাছ ধরতে গেলে দুই-তিন হাজার টাকা খরচ হয়। প্রথম দিকে প্রতিবারে দুই-এক হালি করে ইলিশ পাওয়া গেলেও এখন মাছ পাওয়াই দায়। এতে খরচ উঠে না। তাই তাঁরা উৎসাহ পাচ্ছেন না।ভরা মৌসুমেও মাছ না পড়ার কারণ হিসেবে সদর উপজেলার তুলাতুলির জেলে আ. মতিন মাঝি (৬১) জানান, ইলিশের উৎস হিসেবে পরিচিত ছিল মেঘনার শাহবাজপুর চ্যানেল। ঝাঁকে-ঝাঁকে ইলিশ পড়ত সেখানে। এখন সেখানে হরদম ট্রলার চলাচল করায় ইঞ্জিনের বিকট শব্দে ইলিশ আসে না। ওই চ্যানেলে একজন জেলে এখন দিনে দু-একটি ইলিশও পান না।দৌলতখান মদনপুরের জেলে রহমত মুন্সি (৮০) বলেন, ‘ইলিশ মাছ আইবো কোইত্তন! নদীডার মাইদ্যে যে পরিমাণ চর পড়ছে, বাডা (ভাটা) ওইলে হাডু পানি থাহে। এই পানিতে আইয়ে সব জাটকা ইলিশ। হেগিন ধরি হালায় পিডাইন্যা জাইল্যারা। ওরা তো মাছেরে বড় অইতো দেয় না। আমরা পামু কুডে?’২৭ বছর ধরে মাছ ব্যবসার সঙ্গে জড়িত দৌলতখান গুপ্ত বাজারের ব্যবসায়ী আলম মাঝি (৫২) বলেন, নদীতে ডুবোচর রয়েছে। এতে পানির গভীরতা কমে যাওয়ায় ইলিশ আসতে চায় না। ইলিশ তাড়াচ্ছে ট্রলারের শব্দ। বর্ষাকালে আগে যে পরিমাণ বৃষ্টি হতো, এখন তা হচ্ছে না। এই প্রাকৃতিক পরিবর্তনের কারণে জুন-জুলাই মাসেও ইলিশের দেখা নেই।জেলা মৎস্য কর্মকর্তা ক্রকিস চন্দ্র মল্লিক বলেন, প্রজননের জন্য যেসব ইলিশ মেঘনা, তেঁতুলিয়া নদীসহ মিঠা পানিতে আসে, এসব ইলিশের জন্য চাই গভীর পানি। কিন্তু নদীগুলোর গভীরতা কমে যাওয়ায় ডিম পাড়তে ইলিশ আসছে না। যেসব জাটকা নদীতে ছিল, গত তিন মাসে বড় হয়ে সেগুলো সাগরে নেমে গেছে। এতে নদীতে এখন ইলিশ নেই। আগস্ট থেকে নদীতে ইলিশ আসতে শুরু করবে বলে আশা করা যায়। প্রচুর বৃষ্টি না হওয়া এবং তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণেও উপকূলীয় অঞ্চলে ইলিশের বিচরণের পরিবেশ থাকছে না। তবে ভরা বর্ষায় বড় ইলিশ পাওয়ার সম্ভাবনা বেশি।