মেঘনায় কার্গোডুবি, নিখোঁজ ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা সদর উপজেলার উত্তর মেঘনায় গতকাল বুধবার গভীর রাতে প্রায় আট লাখ ব্যারেল জ্বালানি তেল নিয়ে এম ভি মেহের নামের একটি তেলবাহী জাহাজ (কার্গো) ডুবে গেছে। এ ঘটনার পর থেকে জাহাজের একজন নাবিক নিখোঁজ রয়েছেন। কোস্টগার্ড সূত্রে জানা যায়, গতকাল রাত ১০টার দিকে তেলবাহী এম ভি মেহের চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিল। ভোলার রাজাপুর ইউনিয়নের উত্তর মেঘনায় আসার পর বিপরীত দিক থেকে আসা এম ভি ফজলুল হক নামের আরেকটি কার্গো জাহাজের সঙ্গে এটির ধাক্কা লাগে। এতে এম ভি মেহের ডুবে যায়। জাহাজটিতে ১৪ জন নাবিক ও কর্মী ছিলেন। এর মধ্যে ১৩ জন এম ভি ফজলুল হকে আশ্রয় নেন। বাকি একজনের খোঁজ পাওয়া যায়নি। বেলা পৌনে ১১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত জাহাজটির উদ্ধার তত্পরতা শুরু হয়নি। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যক্তি অভিযোগ করেন, প্রতিদিন রাতে জাহাজগুলো চোরাই পথে তেল নামায়। গতকাল রাতেও একই জাহাজ দুটি চোরাই পথে তেল নামাচ্ছিল। এ সময় প্রবল স্রোতের কারণে দুটি জাহাজের মধ্যে ধাক্কা লাগলে এম ভি মেহের প্রায় আট লাখ ব্যারেল তেল নিয়ে ডুবে যায়। এ ব্যাপারে কার্গো দুটির মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কাউকে পাওয়া যায়নি।ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আলী প্রথম আলো ডটকমকে কার্গো জাহাজডুবির কথা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে তিনি বিস্তারিত তথ্য দিতে পারেননি।