মেঘনায় কার্গোডুবি, যাত্রীসহ লঞ্চ চরে, ৮ ঘণ্টা পর উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-বরিশাল নৌরুটে যাত্রীবাহী লঞ্চ সুন্দরবন-৮-এর সঙ্গে ধাক্কা খেয়ে একটি কার্গো ডুবে গেছে। চালকের বুদ্ধিমত্তায় যাত্রীরা প্রাণে বেঁচে গেলেও লঞ্চের সামনের একটি অংশ ফেটে গেছে। গতকাল বুধবার রাত দুইটার দিকে বরিশালের হিজলা উপজেলার কাছাকাছি মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।ঘটনার আট ঘণ্টা পর অন্য একটি লঞ্চ গিয়ে যাত্রীসহ লঞ্চটি উদ্ধার করেছে। এ ঘটনায় কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শী ও লঞ্চ কর্তৃপক্ষ জানায়, গতকাল রাত সাড়ে আটটায় ঢাকা নৌবন্দর থেকে প্রায় এক হাজার যাত্রী নিয়ে সুন্দরবন-৮ নামের লঞ্চটি বরিশালের উদ্দেশে যাত্রা করে। হিজলা উপজেলার কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে একটি কার্গো হঠাত্ গতি পরিবর্তন করে লঞ্চের মুখোমুখি চলে আসে। এতে উভয়ের সংঘর্ষে লঞ্চটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং কার্গোটি ডুবে যায়। লঞ্চ-মাস্টার আবদুস ছালাম প্রথম আলো অনলাইনকে বলেন, ‘নিয়ম অনুযায়ী আমরা জাহাজ চালাচ্ছিলাম। এ সময় বিপরীত দিক থেকে আল আবদুল্লাহ নামের কার্গোটি হঠাত্ করে লঞ্চের সামনে আড়াআড়ি করে চলে আসে। এতে উভয় পরিবহনে সজোরে ধাক্কা লেগে লঞ্চে যেটুকু ফুটো হয়েছে তাতে বরিশাল ঘাটে আসা সম্ভব ছিল। কিন্তু যাত্রীদের চাপে লঞ্চ চরে তুলে দিতে বাধ্য হয়েছি।’সুন্দরবন লঞ্চের মালিক মো. সাইদুর রহমান প্রথম আলো অনলাইনকে বলেন, ‘দুর্ঘটনার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। যাত্রীদের আশ্বস্ত করি এবং অন্য লঞ্চ নিয়ে তাদের উদ্ধার করা হয়। যেটুকু সমস্যা হয়েছে তা মেরামত করে লঞ্চটি পুনরায় যাত্রা করতে পারবে।’