মেঘনায় কার্গোর ধাক্কায় জেলেনৌকা ডুবে একজন নিহত
মেঘনায় তেলবাহী কার্গোর ধাক্কায় জেলেনৌকা ডুবে এক মাল্লা নিহত ও চারজন মাঝি-মাল্লা আহত হয়েছেন। আহত ব্যক্তিরা ভোলা সদর হাসপাতালে চিকিত্সাধীন। গতকাল রোববার রাত সাড়ে ১০টায় ভোলা সদর উপজেলার বঙ্গেরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাঝি-মাল্লাদের বাড়ি উপজেলার রাজাপুর ইউনিয়নের কাপের হাট এলাকায় । পুলিশ ও আহত ব্যক্তিরা জানান, গতকাল রাতে ওই এলাকায় মেঘনা নদীতে জাল পেতে মো. করিম মাঝি তাঁর জেলেনৌকায় ঘুমাচ্ছিলেন। সঙ্গে ছিলেন চারজন মাঝি-মাল্লা। রাত সোয়া ১০টায় ঢাকা থেকে আসা একটি তেলবাহী কার্গো ওই জেলেনৌকাটিকে ধাক্কা দিয়ে চট্টগ্রামের দিকে চলে যায়। এতে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা মাঝি-মাল্লারা নদীতে পড়ে যান। তাঁদের চিত্কারে অন্য জেলেনৌকা এসে তাঁদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিত্সক মাল্লা বাছেত মাতুব্বরকে (২০) মৃত ঘোষণা করেন। ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুজ্জামান বলেন, এ ঘটনায় ভোলা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।