মেঘনায় কোস্টগার্ড-ডাকাত ‘বন্দুকযুদ্ধে’ আহত ৭
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় মেঘনা নদীর চর গজারিয়া এলাকায় গতকাল বৃহস্পতিবার রাতে কোস্টগার্ডের টহল দলের সঙ্গে ডাকাতদের ‘বন্দুকযুদ্ধ’ হয়েছে। এ সময় উভয় পক্ষে দেড় শতাধিক গুলিবিনিময় হয়। এতে কোস্টগার্ডের দুজনসহ উভয় পক্ষে সাতজন আহত হয়।কোস্টগার্ডের রামগতি কনটিজেন্টের কমান্ডার মো. সাইফুল ইসলাম জানান, গতকাল রাত সাড়ে ১১টার দিকে ২০ থেকে ২২ জনের একদল সশস্ত্র ডাকাত ইঞ্জিনচালিত বড় ট্রলারে করে মেঘনা নদীর চর গজারিয়া এলাকায় মালবাহী একটি কার্গো জাহাজে হামলা চালায়। ওই সময় কার্গো জাহাজ থেকে বেতারের মাধ্যমে (ওয়ারলেস) কোস্টগার্ডের সাহায্য চাওয়া হয়। কোস্টগার্ডের টহল দল ওই জাহাজের দিকে এগিয়ে যায়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল তাদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। একপর্যায়ে কোস্টগার্ডের টহল বোটের ১০-১৫ হাতের মধ্যে এসে ডাকাতদের ট্রলারটি চরে আটকে যায়। ওই সময় কোস্টগার্ডের টহল বোটটিও চরে আটকে যায়। ডাকাতেরা আটকে যাওয়া ট্রলার থেকে চরে নেমে আবারও এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে এবং ট্রলারটি চর থেকে নামানোর চেষ্টা করে। কোস্টগার্ডও ডাকাতদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় উভয় পক্ষে দেড় শতাধিক গুলিবিনিময় হয়। মো. সাইফুল ইসলাম দাবি করেন, কোস্টগার্ডের সিম্যান রেদোয়ানুল হক এবং লিডিং মেডিকেল অ্যাসিসটেন্ট (এলএমএ) মো. দেলোয়ার হোসেন আহত হয়েছেন। এ ছাড়া ডাকাত দলের পাঁচজন আহত হয়। তবে আহতদের নিয়ে ডাকাত দলের অপর সদস্যরা পালিয়ে যায়। কোস্টগার্ডের গুলিবিদ্ধ দুই সদস্যকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।রামগতির বড়খেরি নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক কাজী আলাউদ্দিন আজ শুক্রবার সকালে প্রথম আলোর কাছে বিষয়টি নিশ্চিত করেছেন। কোস্টগার্ডের ভোলা জোনের (দক্ষিণ জোন) সদস্যরা আজ সকালে মেঘনা নদীতে ঘটনাস্থলে অভিযান চালান।