মেঘনায় জলদস্যু ও জালকাটা বাহিনীর উপদ্রব বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাইয়্যা ডাকাত্যারা হুদা জাল-মাছ নেয় না, মারতে মারতে বেহুঁশ কইর‌্যা নদীত হালাইয়্যা দেয়। এইড্যা দেইখ্যা আমরাই নদীত ঝাঁপ দি। লাখ লাখ টিয়ার (টাকা) মায়া করি না।’ এভাবেই মুঠোফোনে কথাগুলো বলেন, চরফ্যাশন উপজেলার ঢালচরের সাহাবুদ্দিন ওরফে সাবু মাঝি (৪৮)। তিনি জানান, ২ সেপ্টেম্বর চর পাতিলা সাগর মোহনায় জলদস্যুরা তাঁর বোটে (বড় ট্রলার) হামলা করে জেলেদের মারধর করে নদীতে ফেলে জাল-মাছসহ ট্রলারটি লুট করে নিয়ে যায়। জেলে ও মৎস্য ব্যবসায়ীদের অভিযোগ, ভোলা সাগর মোহনা ও মেঘনায় প্রতিদিন জেলেরা জলদস্যুর হামলার শিকার হচ্ছে। সঙ্গে আছে জাল চোর। পানির মধ্যে থেকে জাল কেটে নিয়ে যায়। গত দুই সপ্তাহে কমপক্ষে ২০টি ঘটনা সংঘটিত হয়েছে। ঢালচরের মৎস্য ব্যবসায়ী নাজিমউদ্দিন বলেন, ‘গত দুই সপ্তাহে অন্তত পাঁচটি ট্রলারে ডাকাতি হয়েছে। এর মধ্যে আমার আড়তের দুজন মাঝি সাবু মাঝি ও ঢালচরের পশ্চিম দিকে আনন্দবাজার এলাকার মেঘনা থেকে আবদুুর রহিম মাঝির একটি ফিশিং বোট নিয়ে গেছে।’ দৌলতখান উপজেলার পাতার খাল এলাকার মৎস্য ব্যবসায়ী ছোট মনু ওরফে মনু কমিশনার জানান, এলাকায় জাল চোরের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। নদীতে এমনিতেই মাছ নেই। সেপ্টেম্বরে কিছু ইলিশ ধরা শুরু হওয়ায় জাল চোর ও জলদস্যুদের সংখা বৃদ্ধি পেয়েছে। জেলেদের অভিযোগ প্রতিদিন জাল কেটে নিয়ে যাচ্ছে। যদি ধরা পড়ে তবে জেলেদের মারধর করে নদীতে ফেলে দিচ্ছে। অন্যদিকে ডাকাতির সংখাও বৃদ্ধি পেয়েছে। গত এক সপ্তাহে পাতারখাল মৎস্য অবতরণ কেন্দ্রে ১২টি ইঞ্জিনের জেলে নৌকা ডাকাতেরা নিয়ে গেছে। তিনি বলেন, ‘মৎস্য ব্যবসায়ীরা জলদস্যু বাহিনীর কাছে জিম্মি হয়ে পড়েছে। বাধ্য হয়ে ২০ থেকে ২৫ হাজার টাকা ব্যয় করে নিরাপত্তা টোকেন ক্রয় করি। জেলে নৌকায় ডাকাতের নির্ধারিত মার্কার পতাকা উড়ছে। এ পতাকা হচ্ছে বাঘ মার্কা, পাঞ্জা মার্কা, জাতীয় পতাকা, তলোয়ার মার্কাসহ নানা চিহ্ন। আড়তদার প্রাথমিকভাবে এসব নিরাপত্তা টোকেনের মূল্য পরিশোধ করলেও শেষে এটা পরিশোধের দায় পড়ে জেলের ঘাড়ে। যে মাছ পায় তার থেকে মোট মূল্যের শতকরা পাঁচ টাকা কেটে নেয় আড়তদার।’ওই মাছ ঘাটের মো মজনু মাঝি (৩৫) জানান, তাঁর জাল কাটতে গেলে বাধা দেওয়ায় চোরেরা তাঁকে মারধর করেছে। এ জন্য তিনি দু-তিন দিন দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন। তজুমদ্দিন উপজেলার স্লুইসঘাট মৎস্য অবতরণ কেন্দ্রের জেলে আবদুর রশিদ মাঝি জানান, মৎস্য অবতরণ কেন্দ্রগুলোয় ক্ষমতাসীন দলের প্রভাবশালী কিছু ব্যক্তি মৎস্য ব্যবসায় এসেছেন। তাঁরা নিজস্ব জলদস্যু বাহিনী তৈরি করেছেন। ওই মৎস্য ঘাটের ফারুক মাঝি, মো. ফারুক (২), আবুল কালাম, আলমগীর মাঝি একই অভিযোগ করেন। মনপুরা উপজেলার তালতলা মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবসায়ী অলিউল্যাহ মিয়া বলেন, ‘জেলেরা মনপুরা ও চরফ্যাশন সীমান্তে সাগর মোহনায় সবচেয়ে বেশি জলদস্যুর হামলার শিকার হচ্ছেন। মেঘনা থেকে সাগর মোহনা পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত টহল দিলে জেলেরা নিরাপদে মাছ ধরতে পারতেন।’কোস্টগার্ডের আঞ্চলিক কমান্ডার ক্যাপ্টেন জাভেদ ইকবাল বলেন, ‘জলদস্যুর উপদ্রব বৃদ্ধি পাওয়ায় মেঘনায় আমাদের অভিযান চলছে।’পুলিশ সুপার বশির আহাম্মেদ প্রথম আলোকে বলেন, ‘সাগর মোহনাসহ মেঘনায় জলদস্যুদের উৎপাত বৃদ্ধি পাওয়ায় সাগর মোহনার জলদস্যুদের আস্তানায় যৌথ আক্রমণের পরিকল্পনা করা হচ্ছে।’