মেঘনায় ট্রলার ডুবি, ২ ব্যবসায়ী নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেঘনা নদীর ভৈরব মোহনায় গরুবোঝাই একটি ট্রলার ডুবে গেছে। এতে আটটি গরু মারা গেলেও নিখোঁজ রয়েছেন তাঁরা মিয়া (৩৫) ও ছাত্তার মিয়া (৩৮) নামে গরুর দুই ব্যবসায়ী। আজ মঙ্গলবার সকালে মেঘনা নদীর ভৈরব রেলওয়ে সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। অতিরিক্ত বোঝাই ও প্রচণ্ড ঢেউয়ের কারণে ট্রলারটি ডুবে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।সাঁতরে তীরে ওঠা ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল ১০টার দিকে ২১টি গরু নিয়ে ভৈরবের পুরাতন ফেরিঘাট এলাকা থেকে ট্রলারটি ছেড়ে যায়। গন্তব্য ছিল ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বাইশমৌজার গরুর হাট। কিন্তু পথে প্রচণ্ড বাতাস ও বৃষ্টিতে ট্রলারটি পানিতে তলিয়ে যায়। এ সময় সাতজন ব্যবসায়ী সাঁতরে তীরে ওঠতে সক্ষম হয়।তীরে ওঠা গরু ব্যবসায়ী জলিল মিয়া জানান, তাঁদের বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া এলাকায়। আজ ছিল নবীনগরের বাইশমৌজার গরুর হাটের দিন। তাই আজ ট্রলারে করে ২১টি গরু নিয়ে তাঁরা ওই হাটে যাচ্ছিলেন। বৈরী আবহাওয়ায় মেঘনা সেতুর কাছে ট্রলারটি দুলতে থাকলে ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে ছুটোছুটি করেন। এতে ট্রলারটি আরও ভারসাম্যহীন হয়ে পড়ে। পরে ডুবে যায়।ভৈরব নৌথানার ইনচার্জ মানিক বলেন, নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চলছে।