মেঘনায় ট্রলার ডুবে নিহত ৫, নিখোঁজ ৩
নরসিংদীর মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। তাদের মধ্যে দুজন একই পরিবারের। এ ঘটনায় নিখোঁজ রয়েছে তিন যাত্রী। গতকাল শুক্রবার রাত নয়টার দিকে ঝড়ের কবলে পড়ে নরসিংদীর শ্রীপুর এলাকায় এ ট্রলার ডুবির ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলো নরসিংদী সদর উপজেলার নবীপুর এলাকার হাসান মিয়া (৪০), তাঁর স্ত্রী সেতারা বেগম (২০), একই এলাকার সোহাগ মিয়া (১২), দিলারপুর গ্রামের ফারুক মিয়া (৪০) ও নজরপুর জমাইল¬কান্দি গ্রামের আবুল হোসেন (৪৯)। এখনো নিখোঁজ রয়েছে হাসান মিয়ার নাতনি বর্ষা (৯), চম্পক নগরের শহীদুল্লাহ মিয়া (৩৫) ও দিলাপুরের আবুল কাশেম (৪০)।পুলিশ ও বেঁচে যাওয়া যাত্রীরা জানান, গতকাল রাত নয়টার দিকে একটি ট্রলার নরসিংদী থানার ঘাট থেকে ৩৫-৪০ জন যাত্রী নিয়ে নরসিংদীর চরাঞ্চল নজরপুর ইউনিয়নের ছগরিয়াপাড়া যাচ্ছিল। পথে শ্রীনগরে ট্রলারটি ঝড়ের কবলে পড়ে। এ সময় প্রচণ্ড বাতাস ও ঢেউয়ের তোড়ে ট্রলারটি মেঘনা নদীতে ডুবে যায়। অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে ওঠে। পরে খবর পেয়ে পুলিশ, দমকল বাহিনী ও স্থানীয় লোকজন পাঁচজনের লাশ উদ্ধার করে।নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম পাঁচটি লাশ উদ্ধারের বিষয় নিশ্চিত করে বলেন, তিন যাত্রী এখনো নিখোঁজ।