মেঘনায় ট্রলারডুবি: দুটি লাশ উদ্ধার, নিখোঁজ ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিশনন্দী এলাকায় মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে এক নারী ও এক অজ্ঞাত শিশুসহ দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে আরও ১০ যাত্রী। আজ শুক্রবার বিকেলে এই ট্রলারডুবির ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও ট্রলারের যাত্রীরা জানান, আজ বিকেল সাড়ে পাঁচটায় কুমিল্লার হোমনা থেকে ইঞ্জিনচালিত একটি যাত্রীবাহী ট্রলার ৩০-৩৫ জন যাত্রী নিয়ে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিশনন্দী খেয়াঘাটের উদ্দেশে রওনা হয়।ট্রলারটি বিশনন্দী এলাকায় মেঘনা নদীতে এলে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি বাল্কহেড সামনে থেকে ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়। ট্রলারে থাকা বেশির ভাগ যাত্রী সাঁতরে তীরে উঠলেও এখন পর্যন্ত নিখোঁজ আছে অন্তত ১২ জন।পরে সন্ধ্যা সাড়ে ছয়টায় এলাকাবাসীর সহায়তায় পুলিশ নদীতে তল্লাশি চালিয়ে ট্রলারের যাত্রী আড়াইহাজার উপজেলার গোপালদী ইউনিয়নের সঞ্জীব বর্মণ প্রদীপের স্ত্রী পার্বতী বর্মণ (৩৫) ও ১১ বছর বয়সী অজ্ঞাত এক শিশুর লাশ উদ্ধার করে। রাত সাড়ে নয়টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ট্রলারের নিখোঁজ যাত্রীদের উদ্ধার অভিযান চলছে।আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এলাকাবাসী ও পুলিশ এখনো নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকেও খবর দেওয়া হয়েছে। দুর্ঘটনার পরপরই মোজহার মিয়া ও জাফর আহমেদ নামের দুই কর্মচারীসহ বালুবাহী বাল্কহেডটি আটক করা হয়েছে।