মেঘনায় দুটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
মেঘনা নদীতে দুটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে আসমা আক্তার (২৬) ও মিথিলা (৭) নামে দুজন নিহত হয়েছেন।গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে সাতটায় নরসিংদী সদর থানার শ্রীনগরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও তিনজন যাত্রী আহত হয়েছে। আহতেরা স্থানীয়ভাবে চিকিত্সা নিয়েছে।নিহত আসমা আক্তারের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে। মিথিলা নরসিংদী সদর উপজেলার সংগীতা এলাকার মকবুল হোসেনের মেয়ে।প্রত্যক্ষদর্শী ও নরসিংদী থানার পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে সাতটার দিকে নরসিংদী সদরের বেপারীপাড়া পুরোনো লঞ্চঘাট থেকে যাত্রীবাহী একটি স্পিডবোট ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মরিচাকান্দির দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি স্পিডবোটের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে। গতকাল রাতেই আসমার লাশ উদ্ধার করা গেলেও মিথিলা নিখোঁজ ছিল। পরে আজ শুক্রবার সকাল ১০টার দিকে মিথিলার লাশ উদ্ধার করা হয়।নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, আসমা আক্তারের লাশ ঘটনাস্থল থেকে পরিবারের সদস্য নিয়ে গেছে। আর মিথিলার লাশ ময়নাতদন্ত ছাড়াই তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।