মেঘনায় লঞ্চডুবি, ১৪৩ লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে ডুবে যাওয়া শরীয়তপুর-১ লঞ্চ থেকে আজ শুক্রবার শেষ খবর পাওয়া পর্যন্ত ১৪৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। সকাল সাতটায় চতুর্থদিনের উদ্ধারকাজ শুরুর পর বিকেল পর্যন্ত আরও চারটি লাশ উদ্ধার করা হয়।বিআইডব্লিউটিএর চেয়ারম্যান শামসুদ্দোহা খন্দকার প্রথম আলো অনলাইনকে বলেন, এ পর্যন্ত মোট ১৪৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ সকাল থেকেই রুস্তম ও হামজা যৌথভাবে উদ্ধারকাজ শুরু করেছে।এমভি শরীয়তপুর-১ নামের লঞ্চটি গত সোমবার রাত সাড়ে নয়টার দিকে তিন শতাধিক যাত্রী নিয়ে শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর ঘাট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। পথে কাঁচিকাটা লঞ্চঘাট থেকে আরও শতাধিক যাত্রী ওঠে। রাত আড়াইটার দিকে গজারিয়ায় চর রমজান বেগ এলাকায় পৌঁছালে একটি মালবাহী জাহাজের ধাক্কায় লঞ্চটি ডুবে যায়। দুর্ঘটনার খবর পেয়ে মঙ্গলবার সকাল থেকেই উদ্ধারকাজ শুরু করা হয়। উদ্ধারকারী জাহাজ রুস্তম ও হামজা, নৌবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ, মুন্সিগঞ্জ জেলা প্রশাসন, বিআইডব্লিউটিএ’র সহযোগিতায় এই উদ্ধারকাজ শুরু হয়। নৌবাহিনীর ১৬ জন ডুবুরিসহ মোট ৩০ থেকে ৪০ জন ডুবুরি এ উদ্ধারকাজে অংশ নিচ্ছেন।এদিকে দুর্ঘটনা তদন্তে গত মঙ্গলবার তিনটি কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়, সমুদ্র পরিবহন অধিদপ্তর ও বিআইডব্লিউটিএ। তিনটি কমিটিকেই সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।