মেঘশিকারি
পর পর দুটি মেয়ে হলো কুরবান সাহেবের, এক বছরের ব্যবধানে। দুটি মেয়েরই চোখ হলো আশ্চর্য রকমের সুন্দর, অথবা তাঁর সে রকমই মনে হলো। দ্বিতীয় মেয়েটি যখন তিন কি চার মাস, কুরবান সাহেব বাড়ির উঠানে সকালের রোদে তাকে কোলে নিয়ে বসে স্ত্রীকে বললেন, মেয়ের চোখ দুটি দেখো। যেন পুরো এক জগতের রহস্য সেগুলোতে!স্ত্রী রৌশন কথা বলতেন কম। তিনি অল্পখানি হাসলেন। তাতে তিনি কুরবান সাহেবের কথাকে সমর্থন না অসমর্থন করলেন, বোঝা গেল না।আকাশে পেঁজা তুলার মতো শরতের মেঘ ভাসছিল, সকালের রোদে সেগুলোকে খুব সাদা দেখাচ্ছিল। সেই সাদা মেঘগুলোর দিকে তাকিয়ে কুরবান সাহেব বললেন, নীপার মতো রূপার চোখও মেঘ খোঁজে। দেখো, দেখো, রূপা কেমন করে মেঘ দেখছে! তিনি স্ত্রীকে একটুখানি উত্তেজনা নিয়ে বললেন।রূপা মেঘ দেখছে না, দেখছে আপনাকে, রৌশন বললেন এবং রান্নাঘরের দিকে হাঁটা দিলেন।পর পর দুটি মেয়ে হওয়ায় রৌশন আশাহত হয়েছিলেন। তিনি মনেপ্রাণে একটি ছেলে চেয়েছিলেন। তার জন্য একটা নামও তিনি ঠিক করে রেখেছিলেন। তবে সে নাম নিয়ে আমাদের এখন আর কথা না বললেও চলবে। রূপা নামটা ছিল কুরবান সাহেবের দেওয়া এবং এই নামকরণের মধ্য দিয়ে তিনি সন্তানপর্বের যবনিকা টেনে দিলেন। সময়টা ছিল পরিবার পরিকল্পনার জোরদার প্রচারের। ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট, তিনি রৌশনকে বললেন এবং নীপা-রূপাকে মানুষ করতে কোমর বেঁধে নামলেন। এমনই সে আয়োজন যে দুই মেয়েকে গায়ে তেল মাখিয়ে গোসল করিয়ে দেওয়া থেকে তাদের কাঁধে ফেলে ঘুম পাড়ানোর দায়িত্বটা তিনিই নিলেন। রৌশন মনে মনে একটু ভয়ই পেয়েছিলেন: না, ভয়টা কুরবান সাহেবের বিখ্যাত মেজাজের জন্য না—মেজাজটা তিনি শুধু স্কুলের ছেলেদের ওপরই দেখাতেন, বাড়িতে হয়তো কালেভদ্রে—ভয়টা পেয়েছিলেন, কারণ একবার কোনো সিদ্ধান্ত নিলে তার নড়চড় হতে দিতেন না কুরবান সাহেব। অথচ একটি ছেলেসন্তানের মুখ দেখার জন্য রৌশন ব্যগ্র-ব্যাকুল ছিলেন। হা খোদা, একটা ছেলে দাও, কালাকোলা হলেও দাও, তিনি ওপরওয়ালার কাছে মিনতি জানাতেন। আমরা কুরবান সাহেবকে জানি বলে ভাবতেই পারিনি, তিনি কোনো দিন তৃতীয় একটি সন্তানের বাবা হবেন। অথচ বছর দুই পর আমাদের অবাক করে তিনি নীপা-রূপাকে জানালেন, তোমাদের একটি ভাই আসছে। রৌশন কীভাবে রাজি করিয়েছিলেন কুরবান সাহেবকে এই নতুন পিতৃত্বের বীজ বুনতে, আমরা বলতে পারব না। নিশ্চয় অনেক কাঠখড় পুড়িয়েছেন, অনেক মান-অভিমানের ঘটনা ঘটিয়েছেন, অনেক চোখের পানি ফেলেছেন। সেসব নিয়ে অবশ্য কোনো অনুমান প্রকাশ করাটাও আমাদের জন্য গর্হিত। তবে কুরবান সাহেব স্ত্রীকে যে ভালোবাসতেন, প্রচণ্ডভাবেই ভালোবাসতেন, সে তো বছর দুয়েক পর আমরাই দেখলাম। সে কথা একটু পরে হবে। তৃতীয় সন্তানটিও যখন মেয়ে হলো, কুরবান সাহেবের বাড়িতে দুই বিপরীত প্রতিক্রিয়া দেখা গেল। রৌশন বিছানা নিলেন: কষ্টে, হতাশায়, ছেলের মুখ দেখতে না পারার চিরস্থায়ী বেদনায়। কিন্তু কুরবান সাহেব মেয়েটিকে পেয়ে যেন হাতে চাঁদ পেলেন অথবা শরতের সকালে আকাশে ভেসে বেড়ানো পেঁজা মেঘ। মেয়েটি দেখতে হলো নীপা-রূপার মতোই, তবে তার চোখ হলো আরও মায়াময়। অন্তত সে রকমই ভাবলেন তিনি। এ মেয়েটিকেও মানুষ করার দায়িত্ব তিনি নিলেন। নীপাকে বলতেন, তোমার এই বোনটাও তোমাদের মতো হবে, হাত দিয়ে অসম্ভবকে ছোঁবে। নীপা কেঁদে বলল, আমাকে একটা ভাই দাও। আমি বোন চাই না।এই দাবিটা নীপার হয়ে হয়তো রৌশন আরও কিছুদিন পর কুরবান সাহেবের কাছে পেশ করতেন, কিন্তু তার সম্ভাবনা দ্রুতই চলে গেল তিনি বিছানায় পড়ে গেলে। একদিন তিনি পেটে খুব ব্যথা অনুভব করলেন, পেটটা কেমন জানি ফুলেও গেল। তাঁর শরীর খুব দুর্বল হয়ে গেল। কুরবান সাহেব নৌকা ভাড়া করে অনেক পরিশ্রম করে তাঁকে শহরে নিয়ে গেলেন। শহরের ডাক্তার বললেন, কিডনির জটিলতা। ওষুধ কেনা হলো, অনেকগুলো ইনজেকশনও ঢোকানো হলো রৌশনের শরীরে। কিন্তু না তাতে তাঁর শরীরের কোনো উন্নতি হলো, না তাঁর বিছানা ছাড়া হলো। বিছানাতে শুয়ে শুয়েই তিনি একদিন চোখ বুজলেন। চোখ বোজার মুহূর্তে কুরবান সাহেব রৌশনের হাতটা শক্ত করে ধরে ছিলেন। হাতটা তিনি ধরেই থাকলেন। বোনকে দেখতে আসা তাঁর শ্যালিকা অথবা শ্যালিকার ব্যাংক কর্মকর্তা বর, কেউ সেই হাত ছাড়তে তাঁকে রাজি করাতে পারল না। শুধু যখন নীপা-রূপা ঘোষণা দিল, তারা কিছুই খাবে না, বাবা যদি তাদের না খাওয়ান, রৌশনের হাতটা তাঁকে ছাড়তে হলো। কিন্তু তাঁকে দেখে মনে হলো, তাঁর জীবনের যাবতীয় হাসি-আনন্দ আর স্বস্তি যেন রৌশন নিজের সঙ্গে নিয়ে গেছেন। কুরবান সাহেবকে অবশ্য বাঁচিয়ে দিল তাঁর তিন মেয়ে। বিশেষ করে দীপা। তাঁর শ্যালিকা নিয়ে যেতে চেয়েছিল দীপাকে, কিন্তু তিনি এত জোরে ‘না’ বললেন যে শ্যালিকা সেদিনই বরকে নিয়ে বাড়ি চলে গেল। অথচ বেচারা আরও দুইদিন থাকতে চেয়েছিল। কুরবান সাহেব গ্রামে ঘুরে ঘুরে দীপার জন্য ছাগলের দুধ জোগাড় করতেন। তাকে কোলে-পিঠে রাখতেন। যতক্ষণ স্কুলে থাকতেন, ততক্ষণ তিন মেয়েকে দেখাশোনার জন্য এক দূর সম্পর্কের বোনকে বাড়িতে এনে তুললেন, তার চলনশক্তিহীন স্বামীটিসহ। তা হোক, বোনটি ভালোভাবে বেঁচে থাকার একটা সুযোগ পেয়ে সেটি যে কাজে লাগাল এবং তিনটি মেয়েকে মোটামুটি দেখাশোনা করে রাখল, তা-ই বা কম কী। তবে আমাদের ধারণা, চলনশক্তিহীন স্বামীটির হাতে অনুদিনের চব্বিশ ঘণ্টা বন্ধক রেখে বোনটি হাঁপিয়ে উঠেছিল। তিন মেয়ে তা থেকে তাকে অন্তত ঘণ্টা ছয়েক ফিরিয়ে দিল। ২.কুরবান সাহেব মেয়েদের মানুষ করতে এবার ধনুর্ভঙ্গ পণ করলেন। তাদের পড়াশোনা শেখালেন, সাঁতার শেখালেন; গাছে ওঠা, লাকড়ি কাটা, গরু দোয়ানো, গান গাওয়া, ছবি আঁকা শেখালেন। কিন্তু সবচেয়ে বেশি শেখালেন অসম্ভবটাকে ছুঁয়ে দেখতে, নিজেদের অধিকারকে নিয়ে নিতে। না, তারা যে সে কাজে একেবারে কৃতকর্ম হয়ে গেল, তা নয়: কে শুনেছে এক স্কুলশিক্ষক বাবা চেয়েছেন বলে মা-মরা তিন মেয়ে স্কুল পেরোতে না-পেরোতে মাদাম কুরি অথবা হিলারি ক্লিনটন হয়ে গেছে? কিন্তু একটা সংকল্প তাদের মধ্যে তিনি তৈরি করে দিলেন। তিনি তাদের বহুবার বললেন, জন্মের সময় তোমাদের চোখ দেখে আমি বলেছি তোমাদের মাকে—আমার এই তিন মেয়ে মাটির পৃথিবীর না, তারা মেঘের রাজ্যের। তারা আকাশচারী, তারা অসম্ভবকে হাত দিয়ে ছোঁবে। তারা মেঘশিকারি। মেঘশিকারি কথাটা শুনলে নীপা-রূপা হাসত অথবা আমাদের সে রকমই মনে হতো। তারা বলত, মেঘ শিকার করে কী লাভ বাবা? মেঘে কী থাকে? মেঘ তো বাষ্প ছাড়া কিছু না।কুরবান সাহেব একটু আহত হয়ে বলতেন, মা, কথাটা বলেছি রূপক অর্থে। আকাশচারী কথাটাও রূপক। আমি চাই, তোমরা একটার পর একটা আকাশ পার হয়ে নিজেদের সামর্থ্য প্রমাণ করো। আমার আশা থেকেও বড় হও। একদিন নীপা বলেছিল, বাবা, এসব কথা বোলো না, এসব শুনলে মানুষ কী ভাববে, বলো তো?আমি তো তোমাদেরই বলি কথাগুলো, মানুষ কেন শুনবে?তা বটে। বাড়িতে বাইরের মানুষ বলতে কারও তেমন আসা-যাওয়া ছিল না। আর থাকলেও সে রকম বাইরের মানুষ বেশিক্ষণ বসতে স্বস্তি পেত না। রৌশন মারা যাওয়ার পর কুরবান সাহেবের মেজাজটা আরও তিরিক্ষি হয়েছিল।দীপা অবশ্য বাবার কথাগুলো খুব উত্সাহ নিয়ে শুনত। বড় দুই বোনের কাছে সে অনুযোগের সুরে বলত, বাবা কি কোনো অনুচিত কথা বলছেন? বাবা যা চাইছেন, তা কি আমরা দিতে পারব, দীপু? নীপা বলত। বাবার কথা শুনে হাসি না, ভয় লাগে। কত আশা তাঁর আমাদের নিয়ে। আর রূপা বলত, মেঘশিকারি যে আমরা হব, দীপু, আমাদের কী আর এমন শক্তি? শুধু অল্পখানি পড়াশোনা দিয়ে কি মেঘশিকারি হওয়া যায়?দীপার চোখ ভিজে আসত। সে বলত, বাবা যখন এ রকম করে বলেন, তখন কিছু না বলে চুপ থাকলেও তো পারো। বাবাকে বলতে দাও। বাবা নিজে মেঘশিকারি হতে চেয়েছিলেন, কিন্তু জানতেন, মেঘের ধারে-কাছেও তিনি যেতে পারবেন না।জানি দীপু, দীর্ঘশ্বাস ফেলে নীপা বলত, অনেক দিন বাবা সেই গল্প করেছেন। সকালে জমিতে চাষ দিয়ে তারপর স্কুলে গেছেন, তিন মাইল পায়ে হেঁটে। এতটুকু যে আসতে পেরেছেন জীবনে, এটাই বা কম কিসে? দীপা বলত, বাবা নিজে মাটিতে থেকেছেন সারা জীবন, মেঘের অনেক নিচে, হয়তো এ জন্যই আমাদের মধ্যে মেঘশিকারি দেখছেন। একটা চেষ্টা তো অন্তত আমরা করতে পারি। কী বলো? ৩.চেষ্টা যে তিন বোন করেনি তা নয়। কিন্তু চেষ্টার আড়াআড়ি যদি কিছু একটা এসে পড়ে হঠাত্ এবং চেষ্টার পথটাকে আটকে দেয়, তাহলে কী আর করার থাকে?নীপা এসএসসি পাস করল ফার্স্ট ডিভিশনে, পাঁচ বিষয়ে লেটার পেল। পরীক্ষার ফল যেদিন জানল সে, আনন্দের চেয়ে একটা কী রকম জানি কষ্টই বেশি হলো। তার মনে হলো, বাবা যে খুশিতে আটখানা হয়ে যাকে পাচ্ছেন, তাকেই জানাচ্ছেন মেয়ের সাফল্যের গল্প, সেই খুশি কি সে ধরে রাখতে পারবে? পরের বছর রূপাও ফার্স্ট ডিভিশন পেয়ে পাস করল, লেটার-টেটার পেল। কিন্তু তারও আনন্দে ভাগ বসাল একটা শঙ্কা: পারবে তো? বাবা তো ধরেই নিয়েছেন, মেঘশিকারির তির-ধনুক এখন তাদের হাতে। মেঘজাল এখন বিছিয়ে তাদের সামনে। পারবে তো?রূপার মতোই শঙ্কা নিয়ে এইচএসসি দিল নীপা। এবার বোর্ডের প্রথম কুড়িজনের মধ্যে তার নাম এল, তার খুশি ঘর ছাপিয়ে গেল, কিন্তু শঙ্কাটা গেল না। এবার অবশ্য না যাওয়ার একটা নতুন কারণ মাসুম মিয়া। গঞ্জের ব্যবসায়ী ইন্তাজ মিয়ার ছেলে মাসুম মিয়া, যে তার মনটা কেড়ে নিয়েছে! মাসুম মিয়া নীপার মন কেড়েই ক্ষান্ত হয়নি, তার নিজেরটাও একটা পোঁটলায় বেঁধে নীপার হাতে তুলে দিয়েছে। সে বিএ পাস করে বাবার সঙ্গে ব্যবসা করে, তবে তার একান্ত ইচ্ছা, বাবা যে জেলা শহরে একটা ডিলারশিপ পেয়েছেন, ভোজ্যতেলের, সেটি সে-ই দেখাশোনা করবে। মাসুম মিয়ার হাতের লেখা সুন্দর, কিন্তু একটু যেন কাঁপা কাঁপা। সেই কাঁপা কাঁপা লেখায় সে তার হূদয় ঢেলে জানাল নীপাকে, হয় তুমি, নয় মরণ।এরপর কি আর দেরি করা চলে? ইন্তাজ মিয়া সজ্জন মানুষ। তিনি প্রস্তাব নিয়ে এলেন এবং জানালেন, বউমার পড়াশোনাটা চলবে। এ জন্য ছেলেকে তিনি শহরের ডিলারশিপের দায়িত্বটা দেবেন। এখন কুরবান সাহেব যদি দয়া করে ‘হ্যাঁ’ বলেন।মেয়েদের কোনো দিন কোনো কিছুতেই ‘না’ বলেননি কুরবান সাহেব। এবারও না বলার আগে একটু সময় চেয়ে নিলেন। তারপর নীপাকে জিজ্ঞেস করলেন, তুমি কী বলো, মা?নীপা তার মেঘে ভাসা চোখ দুটি মাটিতে ফেলে অনেক কুণ্ঠা নিয়ে মাথা দোলাল। হ্যাঁ।৪.নীপার বিয়ের এক বছরও হলো না, তার কোলজুড়ে এক ছেলে এল। রৌশন যা পারেননি, নীপা তা পারল। সে হাসিতে মুখটা ভাসিয়ে বাবাকে বলল, দেখো বাবা, বাবুর চোখ দুটো আমার চোখের মতো হয়েছে।কুরবান সাহেব হাসলেন। ঠিক বলেছ মা, তিনি বললেন, কিন্তু তোমার পড়াশোনাটার কী হবে? মাসুম আর আমি মিলে ঠিক করেছি, বাবুটা একটু বড় হলেই শুরু করব। তুমি ভেবো না, বাবা। না, ভাবার খুব একটা সময় কুরবান সাহেব পেলেন না। কারণ, একটা দুর্ঘটনা তার সব ভাবনার ওপর একটা কালো রং ঢেলে একাকার করে দিল। দুর্ঘটনাটা এই: এইচএসসি পরীক্ষার পর ছয় বন্ধুর সঙ্গে নৌকায় চড়ে পিকনিকে গিয়েছিল রূপা। সঙ্গে ছিলেন কলেজের মৌসুমী ম্যাডাম। নৌকাটাতে ত্রুটি ছিল, অথবা মাঝি পাকা ছিল না, অথবা মাঝনদীতে স্রোতটা হঠাত্ তীব্র টানে নৌকাটাকে তার করতলে নিয়ে গিয়েছিল—ব্যাপারটা যা-ই হোক, ফল হয়েছিল এই যে, নৌকা উল্টে সবাই নদীতে পড়ল। কে কোথায় গেল বোঝা গেল না। কিন্তু মৌসুমী ম্যাডাম, যিনি সাঁতার জানতেন না, আঁকড়ে ধরলেন রূপাকে, যে সাঁতারে চ্যাম্পিয়ন ছিল: এমনই সাঁতার শিখিয়েছিলেন তার বাবা। ঘণ্টা দুয়েক পরে যখন মৌসুমী ম্যাডামকে প্রায় পোয়া মাইল দূরের ভাটি থেকে উদ্ধার করা হলো, দেখা গেল, তিনি দুই হাতে রূপার একটা পা ধরে রেখেছেন। মৌসুমী ম্যাডামের বাঁচার কথা ছিল না, তিনি বাঁচলেনও না। কিন্তু রূপাও যে বাঁচল না, তার আরও দুই বন্ধুর মতো, যারা কিনা কমবেশি সাঁতার জানত!রূপাকে যখন বাড়িতে এনে উঠানে একটা চৌকিতে শুইয়ে দেওয়া হলো, তার চোখ দুটি ছিল বোজা। কুরবান সাহেব তাই জানতে পারেননি, মেঘের রাজ্যে ভেসে বেড়ানো রূপার দুই চোখ যখন পানির গভীরে ধেয়ে আসা মৃত্যুকে দেখছিল, একটা প্রবল অসম্ভবকে আয়ত্তে আনতে সেই দুই চোখে কোনো আলো জ্বলেছিল কি না।৫.কিছুদিন থেকে দীপার জ্বর চলছে। জ্বর নিয়েই বাড়িতে এসেছে। কুরবান সাহেব জানেন, ডাক্তারি পড়ার সময় ছুটি ছাটা নেওয়াটা খুব ভোগান্তির। কিন্তু তিনি স্বীকার করেন, মেয়ের এই এক বছর থেকে চলা জ্বরটার জন্য মাঝেমধ্যে বাড়ি এসে বিশ্রাম নেওয়াটা উচিত। ডাক্তার তাঁকে একটা কঠিন নামও বলেছেন জ্বরটার। তিনি নামটা শুনে চমকে উঠেছিলেন, যেমন চমকে উঠেছিলেন রৌশনের জ্বরের নামটা শুনে। কেমন ভয় লাগানো, ঝিম ধরানো নাম। ডাক্তার আরও বলেছেন, তিনি এবং তাঁর সহকর্মীরা চেষ্টা করবেন। বাকিটা ওপরওয়ালার ইচ্ছা।এবার জ্বরটা ওঠানামা করছে আপন মর্জিতে। সকালে বাড়লে রাতে কমে অথবা আরও বাড়ে; এক বেলা হয়তো চলেই যায়, যেন জ্বরেরও বিশ্রাম নিতে হয়, দুপুর বা রাতের খাবার খেতে হয়। বিছানায় শুয়ে চোখ দুটি বন্ধ করে দীপা ভাবে, এভাবেই কি চলে যেতে হবে? এভাবেই কি চলে যাওয়া যায়? অথবা উচিত? তাহলে বাবার কী হবে? সে কুরবান সাহেবকে বলল, বাবা, তুমি কি জানো, ডাক্তারি বিজ্ঞান এখন কত দূর এগিয়েছে? জানি মা, দীপার মাথায় হাত বোলাতে বোলাতে তিনি বললেন। জানি।আমি আর ছ-মাস পরই শেষ পরীক্ষাটা দেব। তারপর ডাক্তার হয়ে বেরোব। আমি প্রথমেই আমার অসুখটা নিয়ে একটা গবেষণা করব। কাজটা আমি শুরু করেছি বাবা, তুমি আমার ওই সবুজ খাতাটা দেখলে বুঝবে, আমি কত দূর এগিয়েছি।জানি মা, তোমাকে নিয়ে আমি ভাবি না। তুমি এখন ঘুমাও। বললেন বটে, কিন্তু মনের ওপর পাথরের মতো চেপে বসা ভয়টাকে তিনি কি সরাতে পারবেন? ডাক্তার তাঁকে বলেছেন, বাকিটা ওপরওয়ালার ইচ্ছা, তাতেই কি একটা ইঙ্গিত তিনি দিয়ে দেননি? কুরবান সাহেবের ভয়ের সঙ্গে একটা বিশাল কষ্টও জমেছে, দীপার চোখ দুটোর মায়াময় সাদাকে দখল করে নিয়েছে কিছু ঘোলাটে অথবা হালকা হলুদ রং, যা একটা ঘষা কাচের মতো করে ফেলেছে মেঘের ছায়া ফেলা চোখ দুটিকে। এই কষ্টটা তাঁকে কদিন থেকে কাঁদাচ্ছে। তাঁর মেয়ে না মেঘশিকারি?রাত বাড়ছে, কিন্তু কুরবান সাহেব শুতে যাচ্ছেন না। তিনি মশারির নিচে গুটিসুটি বসে দীপার হাত ধরে রেখেছেন, আর শুনছেন তার টুকটাক কথা। তুমি না বলো বাবা, আমি মেঘশিকারি? আমার কাছে তাহলে একটা সামান্য অসুখের ব্যাপারটা ধরা কি কঠিন কিছু? আমি রোগটার নাড়ি ধরে টান দেব, খাব, তারপর আমার জ্বর চলে যাবে। আমি অনেক মানুষকে বাঁচাব, অনেক মানুষকে। বুঝেছ, বাবা? হ্যাঁ, মা, তুমি অনেক মানুষকে বাঁচাবে। তুমি একটুও ভেবো না, বাবা, আমাকে কি তুমি শুধু শুধু মেঘশিকারি বলো? তারপর সে ছোট্ট করে হাসল।৬.হয়তো ঘুমিয়ে পড়েছিলেন, হয়তো একটা ঘোরের মধ্যে তলিয়ে গিয়েছিলেন কুরবান সাহেব। ভোরের দিকে জেগে উঠে দেখলেন, জানালা দিয়ে সাদা সাদা পেঁজা তুলার মতো অনেকগুলো মেঘ যেন ঘরের ভেতর, মশারির ভেতর ঢুকে পড়েছে। আর সেগুলোকে হাত দিয়ে ছুঁয়ে দেখছে দীপা, আর তার আশ্চর্য মায়াময় চোখ তুলে তাঁকে বলছে, কোনো ভয় নেই, বাবা, দেখো, মেঘগুলোকে আমি আমার বিছানায় নামিয়ে এনেছি। কিছুক্ষণ মেঘগুলো ঘুরে বেড়াল। তারপর মিলিয়ে গেল। তিনি দেখলেন, ভোরের হালকা আলোয় চোখ মেলে হাসছে দীপা। তার চোখে মরা রংগুলো আর নেই, মায়াময় সাদা হয়ে সেগুলো আলো ছড়াচ্ছে। হঠাত্ তাঁর খুব নির্ভার লাগল। মেঘবংশের মেয়ে তাঁর, মেঘশিকারি, তার ঠিকানা তো ওই মেঘেই। তাহলে মেয়েকে নিয়ে এত ভয় কেন? তিনি হাসলেন, তারপর ঝুঁকে পড়ে দীপার কপালে একটু চুমু খেলেন, তারপর তার হাতটা শক্ত করে ধরে বসে বসেই একটা গভীর ঘুমে চলে গেলেন।