পাটগ্রাম সীমান্তে বিএসএফের নির্যাতনে মৃত্যু
মেঘালয় রাজ্যে দুই বাংলাদেশি কিশোর গণপিটুনিতে নিহত
ভারতের মেঘালয় রাজ্যের তুরা জেলার সিসিঙ্গাপাড়া গ্রামে গণপিটুনিতে দুই বাংলাদেশি কিশোর নিহত হয়েছে। তারা হলো শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী রাংটিয়া গ্রামের শ্রীকান্ত কোচের ছেলে হেমন্ত কোচ (১৪) ও প্রেমানন্দ কোচের ছেলে শীতল কোচ (১৪)। গতকাল রাতে তাদের লাশ ফেরত দেওয়া হয়েছে।অন্যদিকে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে গত সোমবার রাতে বিএসএফের নির্যাতনে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। ওই ব্যক্তি হলেন উপজেলার জগতবেড় ইউনিয়নের মোহামঞ্চদপুর গ্রামের নুরন্নবী (২৪)।শেরপুরের বিজিবি ও পরিবার সূত্রে জানা গেছে, গণপিটুনিতে নিহত শীতল রাংটিয়া উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। হেমন্ত ট্রাক্টর চালিয়ে জীবিকা নির্বাহ করত। সূত্র জানায়, শীতল, হেমন্তসহ আরও তিনজন গত সোমবার রাতে ঝিনাইগাতীর রাংটিয়া গ্রাম থেকে প্রায় চার কিলোমিটার দূরে শেরপুরের সীমান্তবর্তী সমেশ্চূড়া এলাকায় যায়। সেখান থেকে ভারতীয় লোকজন শীতল ও হেমন্তকে ধরে নিয়ে যায়। তবে তাদের সঙ্গে যাওয়া অন্য তিনজন পালিয়ে আসে। এই তিনজনের নাম-পরিচয় বা বর্তমান অবস্থান জানা যায়নি।শীতলের কাকাতো ভাই যুগল কিশোর কোচ জানান, দুই দিন নিখোঁজ থাকার পর মঙ্গলবার রাতে তাঁরা জানতে পারেন, তাঁর ভাই শীতল ও নিকটাত্মীয় হেমন্ত মেঘালয় রাজ্যের সিসিঙ্গাপাড়া এলাকায় গণপিটুনিতে নিহত হয়েছে। এরপর তাঁরা বিষয়টি বিজিবি ঝিনাইগাতীর নকশী সীমান্ত ফাঁড়ি কর্তৃপক্ষকে জানান।নকশী সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার সুবেদার মো. আবদুল কুদ্দুছ বলেন, বিএসএফের কান্তিপাড়া ক্যাম্প কোম্পানি কমান্ডার রাজমাল গোখরার সঙ্গে গতকাল বুধবার সকালে অনুষ্ঠিত পতাকা বৈঠকে ঘটনাটি জানানো হয়েছে। নিহত ব্যক্তিদের লাশ গতকাল রাতেই ফেরত দেওয়া হয়েছে।লালমনিরহাটের বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে বাংলাদেশি ২২ জন গরু পারাপারকারী রাখালের একটি দল গরু নিয়ে ভারতের কোচবিহার জেলার মাথাভাঙ্গা থানা এলাকার ইছাগাছি ব্রিজের নিচ দিয়ে ফিরছিল। এ সময় বিএসএফের পেতে রাখা ফাঁদে আটকে যান দুই রাখাল। দলের বাকি সদস্যরা পালিয়ে যান। এ সময় রাখাল নুরুন্নবীকে পিটিয়ে হত্যা করে সোলোঙ্গা নদীতে ভাসিয়ে দেয় বিএসএফ। আর বিএসএফের ছোড়া পাথরে গুরুতর আহত হন মোস্তফা। লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের পাটগ্রামের কোম্পানি কমান্ডার সুবেদার জোনাব আলী বলেন, লাশ ফেরত চেয়ে বিএসএফের কাছে চিঠি দেওয়ার পর গতকাল রাতেই লাশটি ফেরত দিয়েছে বিএসএফ। পাটগ্রাম থানার এসআই আনোয়ার হোসেন লাশটি গ্রহণ করেন।