১৯৯৫ সালে ইউএনডিপি কর্তৃক পরিচালিত এক গবেষণায় (গবেষক ছিলেন ওয়াহিদউদ্দিন মাহমুদ, এস আর ওসমানি ও বিনায়ক সেন) প্রকাশিত এক ফলাফল থেকে আমরা জানতে পারি, ৪ শতাংশ হারে আমাদের জিডিপি বৃদ্ধির যে নিম্নহারটি লম্ফ দিয়ে ৫ শতাংশ পার হয়ে ৬ শতাংশ ছুঁতে চলেছে, তার পেছনে অন্যতম চালিকাশক্তি হচ্ছে যথাক্রমে কৃষকের কৃষি উৎপাদন বৃদ্ধি, গ্রামাঞ্চলে অকৃষি খাতের নানা ধরনের ছোট ও মাঝারি প্রতিষ্ঠানের (সংক্ষেপে এসএমই) অসংখ্য বহুমুখী উদ্যোগ, আমাদের প্রবাসী শ্রমিকদের কষ্টার্জিত প্রবাসী-আয়প্রবাহ এবং সর্বশেষে হলেও কোনো অংশই কম গুরুত্বপূর্ণ নয় আমাদের পোশাকশিল্প খাতের উল্কাসদৃশ উত্থান! কিন্তু তখন থেকেই আমার মনের মধ্যে একটি প্রশ্ন উঁকিঝুঁকি মারতে থাকে, আমাদের রাষ্ট্র কি এই উৎপাদনশীল শ্রেণীগুলোর পক্ষে যথাযথভাবে সক্রিয় রয়েছে? রাষ্ট্র কি কৃষককে, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাকে, প্রবাসী শ্রমিককে ও পোশাকশিল্পের নারীশ্রমিকদের যথাযথ মর্যাদা দিচ্ছে? রাষ্ট্র কি তাঁদেরই রাষ্ট্র, নাকি তা আমলাতন্ত্রের-ব্যবসায়ী রাজনীতিবিদদের এবং লুটেরা বৃহৎ হাউসগুলোর ছত্রচ্ছায়ায় গড়ে ওঠা একটি রাষ্ট্রে পরিণত হয়েছে।আমরা সবাই জানি, আমাদের রাষ্ট্র ক্ষমতাধরদের পালাক্রমে শাসনের একটি রাষ্ট্র এবং তার পরও শুধু সাধারণ মানুষের নিজেদের অদম্য মনোবল, কম ভোগ করে বেশি কাজ করার সংস্কৃতি, সাহস ও ঝুঁকি নিয়ে ঝাঁপিয়ে পড়ার উদ্যোগ, পারস্পরিক ভালোবাসার সম্পর্কের জাল (নেটওয়ার্ক) এবং মিডিয়ার কল্যাণে ও আকাশ সংস্কৃতির কল্যাণে অবাধ তথ্য-জ্ঞানপ্রবাহের উদ্দীপনার কারণে বাংলাদেশ আজ প্রকৃতই সামনে এগিয়ে চলেছে। একটি উদীয়মান দেশ, সামাজিক খাতে ও মানব উন্নয়নে অগ্রসরমাণ দেশ হিসেবে বাংলাদেশ আজ বিশ্বে কিছুটা পরিচিতিও অর্জন করেছে। ৪২ বছর আগে যাঁরা ভবিষ্যদ্বাণী করেছিলেন, দেশটি টিকবে না, দেশটি একটি ‘তলাবিহীন ঝুড়ি’তে পরিণত হবে এবং বাঙালিদের পাকিস্তান ভাঙার অবিমৃশ্যকারিতার জন্য যাঁরা তখন খুব হেসেছিলেন, আজ এত খরা-বন্যা-জলোচ্ছ্বাস-অগ্নিদুর্ঘটনা-ভবনধসের পরও তাঁরা স্বীকার করে নিয়েছেন, ‘শেষ হাসিটা’ বাংলাদেশই হাসবে! [ওয়ালস্ট্রিট জার্নাল-এ প্রকাশিত ‘বাংলাদেশ’বিষয়ক নিবন্ধ দ্র.]আজও তাই আমি মনে করি, বাংলাদেশের প্রধান ‘স্পিরিট’ হচ্ছে তাদের কোটি কোটি শ্রমজীবী নারী-পুরুষ ও তাঁদের পাশে দাঁড়ানো সহানুভূতিশীল মধ্যবিত্ত-নিম্নবিত্ত শ্রেণীর সদস্যরা। এবারের ভবনধসের ট্র্যাজেডিও আরেকবার সে কথাই প্রমাণ করল। কিন্তু এই ইতিবাচক নক্ষত্রপুঞ্জকে ঢেকে ফেলেছে পুরোপুরি না হলেও অনেকখানি, আমাদের শাসকশ্রেণী ও ক্ষমতাধরদের অন্ধ দলপ্রীতি, লুটেরাপ্রীতি, লোভ, দ্রুত উত্থানের বাসনা ও ‘জিতলে পুরোটা জিতব’ ধরনের একচেটিয়া দৃষ্টিভঙ্গির সংস্কৃতি। এই ত্রুটিগুলো থেকে মুক্ত না হতে পারলে আমাদের ‘মেঘে ঢাকা তারাগুলো’ মেঘমুক্ত হতে পারবে না। যে গবেষণাকর্মের রেফারেন্স দিয়ে এই লেখাটি শুরু করেছি, সেখানে ইংরেজিতে বলা হয়েছে, বাংলাদেশের অভিনব অগ্রগতির মূলে রয়েছে ‘পলিসি’ বা নীতিমালা নয়, মূলে রয়েছে ‘ইনিশিয়েটিভ’ বা ‘উদ্যোগ’! এ থেকে বোঝা যায়, যদি বাংলাদেশে ‘সুশাসন’ প্রতিষ্ঠা করা যেত অর্থাৎ ভালো নীতি যেগুলো আছে সেগুলোও অন্তত কার্যকর করা যেত, তাহলে বাংলাদেশ অচিরেই ‘সোনার বাংলায়’ পরিণত হতে পারত। শত প্রতিকূলতা সত্ত্বেও যদি ৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়, তাহলে অনুকূল অবস্থায় ‘ম্যাজিক ১২ শতাংশ’ হারটি অর্জন করা অসম্ভব হবে কেন? কিন্তু সেটা তো তখনই সম্ভব হবে, যখন আমরা ‘যোগ্যতা অনুযায়ী কাজ ও কাজ অনুযায়ী পারিশ্রমিকের’ ব্যবস্থা করতে পারব। সংবিধানে যেটি লেখা আছে, ‘অনুপার্জিত আয়’ নিষিদ্ধ করা ও সমসুযোগ সৃষ্টি করা, সেটি নিশ্চিত করতে পারব। পয়লা মে-তে আজ সে কথাই আমাদের ভাবতে হবে। আজ পয়লা মে। শ্রমিকদের উৎসবের দিবস। সভ্য দেশগুলোয় শ্রমিকেরা আট ঘণ্টা কাজ, আট ঘণ্টা বিশ্রাম ও আট ঘণ্টা বিনোদনের অধিকার অর্জন করেছেন। যেসব পুঁজিবাদী দেশ রিগান-থেচারের রক্ষণশীল অর্থনীতির অনুসরণ না করে কল্যাণমূলক পুঁজিবাদী অর্থনীতি অনুসরণ করছে, সেসব দেশে শ্রমিকদের রয়েছে নিশ্চিত কর্মসংস্থানের অধিকার, রয়েছে মুনাফায় অংশ প্রাপ্তির অধিকার, রয়েছে মালিকপক্ষের সঙ্গে দর-কষাকষির জন্য সংগঠন করার অধিকার, রয়েছে নিরাপদ কর্মপরিবেশের নিশ্চয়তা তথা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি এবং অবশ্যই একটি ঐতিহাসিক এবং নৈতিকভাবে গ্রহণযোগ্য ন্যায্য মজুরির নিশ্চয়তা। এগুলোর কোনোটিই আমরা আমাদের শ্রমিকদের জন্য নিশ্চিত করতে পারিনি। আবার শ্রমিকদের মধ্যেও সবচেয়ে দুরবস্থায় আছে নারী ও শিশুশ্রমিকেরা। বেশি করে দুর্দশায় আছেন হিসাববহির্ভূত অনানুষ্ঠানিক খাতের অসংখ্য শ্রমিক। কিছুদিন আগে পোশাকশিল্পের শ্রমিকদের শোষণের হার নিয়ে আমি একটি গবেষণা চালিয়েছিলাম। বলে রাখা ভালো, এই হিসাব আমি করেছি দুই-তিনজন খুবই উচ্চপর্যায়ের প্রতিষ্ঠিত মালিকদের প্রদত্ত তথ্যের ভিত্তিতে। তাঁদের ধন্যবাদ দিয়ে নাম প্রকাশ না করেই তথ্যগুলো এখানে তুলে ধরেছি। মোদ্দা হিসাবটা হচ্ছে এ রকম, ১০০ টাকার একটি পোশাক যদি রপ্তানি করা হয় (অর্থাৎ বিদেশি আমদানিকারক যে দামটা উৎপাদককে দেন), তাহলে ৬০ থেকে ৮০ টাকা চলে যায় মধ্যবর্তী কাঁচামালের ব্যয় এবং ওভারহেড অন্যান্য যাবতীয় ব্যয় বাবদ। যেই ৪০ থেকে ৬০ টাকা মূল্য শ্রমিক কর্তৃক সংযোজিত হয়, তার মধ্যে ১০ ভাগের ৯ ভাগ চলে যায় মজুরির খরচ বাবদ, অর্থাৎ সেই হিসাবে ৩৬ থেকে ৫৪ টাকা মজুরেরা পান। তাহলে মালিকের হাতে নিট মুনাফা থাকে ১০ ভাগের এক ভাগ, অর্থাৎ চার থেকে ছয় টাকা। এই নিট মুনাফাটা তাঁদের ট্যাক্স ও অপ্রত্যাশিত অন্যান্য খরচ তথা ঘুষ, চাঁদাবাজি ইত্যাদি বাদ দিয়েই থাকে বলে তাঁরা আমাকে জানিয়েছেন। তার পরও তাঁদের অর্থভাগ্য খুবই ভালো। কারণ, পৃথিবীতে সর্বত্রই বাল্ক সাপ্লাই সেক্টরে পণ্যের ইউনিট-প্রতি মুনাফার অংশ খুবই কম হয়ে থাকে। কিন্তু বিক্রির বিশাল পরিমাণের কারণে পুঁজিপতিদের মোট মুনাফার পরিমাণ বিশাল হয়ে থাকে। ছোট একটি পরিসংখ্যান দিলেই বিষয়টি সহজে বোঝা যাবে। আইনে আছে, মালিকদের অর্জিত নিট মুনাফার ৫ শতাংশ শ্রমিক কল্যাণে ব্যয় করতে হবে। সেই হিসাবে প্রতি ১০০ টাকার পোশাক রপ্তানি থেকে শ্রমিকদের কল্যাণের জন্য দেয় কল্যাণ অর্থের পরিমাণ দাঁড়ায় পূর্বোক্ত হিসাব অনুসারে চার বা ছয় টাকার মুনাফার ৫ শতাংশ, অর্থাৎ ২০ থেকে ৩০ পয়সা। আমাদের প্রতিবছর যে পরিমাণ রপ্তানি হচ্ছে, শ্রমিক কল্যাণ তহবিলে সেই হিসাবেই তা থেকে প্রতিবছর জমা হওয়া উচিত ছিল ৩০০ কোটি টাকা! কিন্তু তা কি হয়েছে? ততটুকুও আসলে হয়নি, তাই তাজরীন, স্পেকট্রাম, রানা প্লাজায় যা হয়ে চলেছে, তাতে বিস্ময়ের কিছু নেই। শুধু মালিকদের আমি দোষ দেব না। অথর্ব রাষ্ট্রকেও দায়ী করব। কারণ, রাষ্ট্র এমন অনেক ভালো আইন তৈরি করে রেখেছে, যেগুলো কখনোই বাস্তবায়ন করে না। মালিকেরা লবি করেন, তাঁদের সংগঠন রয়েছে, রাষ্ট্র তাঁদের কাছে নতি স্বীকার করতে বাধ্য হয় বা রাষ্ট্রটাই তাঁদের। অন্যদিকে, অসংগঠিত শ্রমিকেরা কিছুদিন পর পর শুধু মৃত্যুই বরণ করেন এবং কিছুদিনের জন্য খবরের কাগজ ও টক শোর শিরোনাম হওয়ার ‘মর্যাদা’ লাভ করেন।চা-শ্রমিকদের দুরবস্থাচা-বাগানে নিয়োজিত শ্রমিকদের ৯০ শতাংশেরও বেশি শ্রমিক নারী। তাঁরা প্রায় সারা বছর সূর্যোদয় হতে সূর্যাস্ত পর্যন্ত কাজ করেন হয় বৃষ্টিতে ভিজে, নয়তো সূর্যের তাপে পুড়ে। তবে এই পরিশ্রমের বিনিময়ে তাঁরা সামান্যই পেয়ে থাকেন। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, চা-শিল্পে নিয়োজিত শ্রমিকদের কাজের পরিবেশ, কাজের শর্ত ও ব্যবস্থাবলি অধিকাংশ ক্ষেত্রে এতই অমানবিক, যার তুলনা করা যায় একমাত্র বহু যুগ আগের দাসত্ব প্রথার সঙ্গে। নারী চা-শ্রমিকেরা আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ঘোষিত ডিক্লারেশন অন ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অ্যান্ড ওয়ার্ক অনুযায়ী শালীন কর্ম বা এর অধিকার থেকে বঞ্চিত। চা-বাগানের মালিক ও ব্যবস্থাপকদের সঙ্গে আলোচনায় জানা গেছে, কর্তৃপক্ষের অধিকাংশই চান না চা-শ্রমিকেরা বহির্বিশ্ব সম্বন্ধে অবহিত হোক বা তাঁদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হোক।এ অবস্থার পরিবর্তন জরুরি কেবল চা-শ্রমিকের স্বার্থেই নয়, গোটা চা-শিল্পের স্বার্থে। এই লক্ষ্যে দেশের সরকার, চা-বাগানের মালিক, শ্রমিক সংগঠন, এনজিও—সবার যৌথভাবে কাজ করতে হবে।প্রতিমা পাল মজুমদারঅবসরপ্রাপ্ত গবেষক, বিআইডিএস