মেঘের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৃশংসভাবে খুন হওয়া সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির একমাত্র সন্তান মাহির সরওয়ার মেঘের লেখাপড়ার সব দায়-দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ সোমবার সন্ধ্যায় গণভবনে নিহত সাংবাদিক সাগরের মা সালেহা মনির ও রুনির মা নূরুন্নাহার মির্জা মেঘকে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করতে গেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আশ্বাস দেন।পরে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল এই তথ্য জানান।এ সময় প্রধানমন্ত্রী সাগর সরওয়ার ও মেহেরুন রুনির মায়েদের প্রতি গভীর সমবেদনা জানান এবং যত দ্রুত সম্ভব খুনিদের গ্রেপ্তারে সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।শেখ হাসিনা বলেন, ‘পিতা-মাতা হারানোর মতো বেদনা বিশ্বে আমার চেয়ে আর কারও বেশি নেই।’ তিনি মেঘকে জড়িয়ে ধরেন এবং তাকে কিছু চকলেট উপহার দেন।এ সময় মেহেরুন রুনির তিন ভাই নওশাদ আলম রাজন, নওশের আলম রোমান ও নওয়াজেশ আলম রিমন, নিকটাত্মীয় জাভেদ ওমর বেলিম, রোকসানা জাবেদ, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম এবং আসাদুজ্জামান খান কামাল উপস্থিত ছিলেন।গত শনিবার ভোরে রাজধানীর রাজাবাজারের বাসভবনে অজ্ঞাত সন্ত্রাসীরা মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে নৃশংসভাবে হত্যা করে। বাসস।