মেজবানের খরচ নির্বাচনী ব্যয় হিসেবে ধরা হবে: ছহুল হোসাইন
নির্বাচন কমিশনার (ইসি) মুহাম্মদ ছহুল হোসাইন বলেছেন, ‘ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে মেজবান বা মিলাদ মাহফিল করার প্রবণতা দেখা যাচ্ছে। কোনো প্রার্থী মেজবান-মিলাদ মাহফিলের আয়োজন করলে তা নির্বাচনী ব্যয় হিসেবে ধরা হবে।’সিলেটে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে আজ বুধবার দুপুরে জেলা নির্বাচন কার্যালয় আয়োজিত ‘আইনশৃঙ্খলা ও নির্বাচন-সংক্রান্ত মতবিনিময়’ সভায় প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার এ কথা বলেন।সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখার বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখ করে ছহুল হোসাইন বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন সংশ্লি¬ষ্ট কর্মকর্তারা যখন জনগণের বিশ্বাস অর্জন করতে পারবেন, তখনই পরিপূর্ণ অবাধ-নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।’ছহুল হোসাইন বলেন, ‘ইউপি নির্বাচনে সবাই শুধু র্যাব চায়। আমার সঙ্গে যত প্রার্থীর আলাপ হয়েছে, তাঁদের একটাই কথা—নির্বাচনের দিন যেন র্যাবের টহল থাকে।’ মতবিনিময় সভায় উপস্থিত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৯) অধিনায়ককে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনারা চিন্তা করতে পারবেন না—জনগণ আপনাদের কতটুকু ভালোবাসে। আপনারা জনগণের এ ভালোবাসা আর বিশ্বাস ধরে রাখবেন। জনগণের আস্থা থাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আর দুশ্চিন্তা থাকবে না।’অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ইউপি নির্বাচনের জন্য সিলেট অঞ্চলে ৮২৪ জন নির্বাহী ও ৪৪০ জন বিচারিক হাকিম মাঠে থাকবেন বলে মতবিনিময় সভায় ছহুল হোসাইন এ তথ্য জানান। এ ছাড়া জেলা নির্বাচন কর্মকর্তার অধীনে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে একটি করে পরিদর্শক দল থাকবে।সিলেটের জেলা প্রশাসক আবু সৈয়দ মোহাম্মদ হাশিমের সভাপতিত্বে সিলেট রেঞ্জের ডিআইজি মকবুল হোসেন ভূঁইয়া, সিলেট মহানগর পুলিশ কমিশনার অমূল্য ভূষণ বড়ুয়া, র্যাব-৯-এর অধিনায়ক সৈয়দ অনঘ, সিলেট বিভাগীয় উপনির্বাচন কমিশনার খন্দকার মিজানুর রহমান প্রমুখ বক্তব্য দেন। জেলা নির্বাচন কর্মকর্তা সামসুল আলম সভা সঞ্চালন করেন।