মেজর জেনারেল (অব.) মইনুল হোসেন চৌধুরী আর নেই
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) মইনুল হোসেন চৌধুরী আজ রোববার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ বহু আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন। ফুসফুসের ক্যানসারে আক্রান্ত জেনারেল মইনকে গত ৬ অক্টোবর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।২০০১ সালে জেনারেল মইন তত্ত্বাবধায়ক সরকারের শিল্প, ডাক-টেলিযোগাযোগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।বর্ণাঢ্য সামরিক জীবনের অধিকারী জেনারেল মইন চাকরি জীবনে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। সেনাবাহিনীতে চাকরিরত অবস্থায়ই পরে তাঁকে প্রেষণে ফিলিপাইন, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া ও পাপুয়া নিউগিনিতে রাষ্ট্রদূত হিসেবে পাঠান হয়।১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তিনি জয়দেবপুরের দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কর্মরত ছিলেন। সেখান থেকে তিনি হানাদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাঁকে ‘বীরবিক্রম’ খেতাবে ভূষিত করে। ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে দেশে ফিরে এলে ঢাকা বিমানবন্দরে তার ‘গার্ড অব অনারে’ নেতৃত্ব দেন তিনি।