মেঝেতে বসে ক্লাস
জেলার দেবীগঞ্জ উপজেলার কুলুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রয়োজনীয় বেঞ্চ না থাকায় মেঝেতে শিক্ষার্থীদের ঠাসাঠাসি করে বসে ক্লাস করতে হয়। বিদ্যালয়টিতে পড়াশোনার মান ভালো হলেও অবকাঠামোগত সমস্যার কারণে শিক্ষক-শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিদ্যালয়টিতে চেয়ার, বেঞ্চসহ প্রয়োজনীয় আসবাবপত্র ও টয়লেটের অভাব। একটি টয়লেট, তাও জরাজীর্ণ ও ব্যবহারের অনুপযোগী। শিক্ষক-শিক্ষার্থী সবাই একটি টয়লেটই ব্যবহার করে।২৫ মার্চ দুপুরে বিদ্যালয়টিতে গিয়ে দেখা গেছে, বাইরে সারি সারি সাজানো জুতা। শিক্ষার্থীরা খালি পায়ে শ্রেণীকক্ষের ভেতরে। শিক্ষার্থীরা সবাই স্যান্ডেল ব্যবহার করে। শিক্ষকেরা তাঁদের এই অভ্যাস গড়ে তুলেছেন বলে শিক্ষার্থীরা জানায়। চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বেঞ্চ থাকলেও পর্যাপ্ত নয়। কিন্তু তৃতীয় শ্রেণীর জন্য কোনো বেঞ্চ নেই। ৬৮ জন শিক্ষার্থীর মধ্যে ৬৫ জন উপস্থিত। ২২ ফুট দীর্ঘ এবং ১৮ ফুট প্রস্থ ছোট একটি ঘরে ঠাসাঠাসি করে মেঝেতে বসেছে তারা। অনিতা রানী বাংলা বিষয়ের ক্লাস নিচ্ছেন।১৮৪০ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ের নিজস্ব জমি মাত্র ১৩ কাঠা। প্রাত্যহিক সমাবেশ ও খেলাধুলা করতে হয় পাশের হাইস্কুলের মাঠে। বিদ্যালয়টির তিন কক্ষের টিনশেড ঘর ১৯৮৬-৮৭ সালে নির্মাণ করা হয়। এ ঘরের টিনও ফুটো হয়ে গেছে। বর্ষায় শ্রেণীকক্ষের ভেতর বৃষ্টির পানি পড়ে—জানালেন প্রধান শিক্ষক।বিদ্যালয়ে ২৯৫ জন ছাত্রছাত্রী। শিক্ষক-শিক্ষিকা চারজন। গত বছর পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষায় ৩৪ জন শিক্ষার্থী অংশ নিয়ে শত ভাগ পাস করেছে। এর মধ্যে দুজন বৃত্তি পেয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু জাফর গত বছরের ১৩ অক্টোবর বিদ্যালয়টি পরিদর্শন করেন। তিনি পরিদর্শন বইতে লিখেছেন, ‘বিদ্যালয়টির অবকাঠামোগত সমস্যা এবং পর্যাপ্ত বেঞ্চ নেই। শিক্ষকেরা আন্তরিক, শিক্ষার্থীদের উপস্থিতি ভালো।’তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী পূজা রানী ও প্রদীপচন্দ্র জানায়, বেঞ্চ না থাকায় মেঝেতে বসে ক্লাস করতে হয়। মেঝেতে বসে ক্লাস করতে অসুবিধা হয়। লেখার সময় কোমরে ব্যথা করে, পরনের কাপড় ময়লা হয়।পঞ্চম শ্রেণীর হাসমত আলী ও রিফাত তামান্না বলে, ‘ভাঙা টয়লেটে যেতে খারাপ লাগে। পাশে হাইস্কুলের মাঠ। খেলার জায়গা নেই। হাইস্কুলে ক্লাস হলে আমরা খেলতে পারি না। ঘরের মধ্যে পানি পড়ে। বেঞ্চের অভাব। আগে আসলে বসতে পারি।’বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুস সালাম জানান, বিদ্যালয়ের সমস্যাগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয়েছে।বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি চৌধুরী মো. তানভীর যোবায়ের হোসেন জানান, বিদ্যালয়ের নতুন ভবনসহ আসবাবপত্র দরকার। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানানোর পরও কোনো কাজ হয়নি।পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মো. ইমারউদ্দিন জানান, একটানা দীর্ঘদিন মেঝেতে বসে ক্লাস করলে এবং হেলে লেখালেখি করলে শিশুদের শারীরিক সমস্যা হতে পারে। তা ছাড়া চোখ থেকে বইয়ের দূরত্ব বেশি হওয়ায় চোখের ওপর চাপ পড়ে ভবিষ্যতে দৃষ্টিশক্তির সমস্যা হতে পারে।জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবুল কাশেম জানান, দ্রুত এ বিদ্যালয়ের উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।