মেট্রো রেলের প্রাথমিক সম্ভাব্যতা যাচাই শেষ করেছে জাইকা
রাজধানী ঢাকার যানজট নিরসনে উত্তরা থেকে সায়েদাবাদ পর্যন্ত প্রায় ২২ কিলোমিটার মেট্রো রেল স্থাপনের প্রাথমিক সম্ভাব্যতা যাচাই শেষ করেছে জাপানি উন্নয়ন সহায়তা সংস্থা (জাইকা)। আজ রোববার সোনারগাঁও হোটেলে ‘ঢাকা আরবান ট্রান্সপোর্ট নেটওয়ার্ক ডেভেলপমেন্ট’ শীর্ষক এক সেমিনারে জাইকার বিশেষজ্ঞরা এ তথ্য দেন। বাংলাদেশ সরকারের যোগাযোগ মন্ত্রণালয় ও জাইকা যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।জাইকা জানিয়েছে, প্রস্তাবিত মেট্রো রেলের রুট হবে উত্তরা থেকে পল্লবী, মিরপুর ১০, ফার্মগেট, শাহবাগ, বুয়েট, কাপ্তানবাজার হয়ে সায়েদাবাদ। আগামী এক বছরের মধ্যে এই প্রকল্পের বিস্তারিত সম্ভাব্যতা যাচাই শেষে নকশা চূড়ান্তকরণ ও দরপত্র আহ্বান করা হবে। সবকিছু ঠিক থাকলে ২০১৮ সালে ঢাকায় মেট্রো রেল পরিপূর্ণভাবে যাত্রী পরিবহন করা শুরু করবে। এতে ১৮টি স্টেশন থেকে প্রতি ঘণ্টায় ৪০ হাজার যাত্রী পরিবহন সম্ভব হবে। মেট্রো রেল ঘণ্টায় ৩৫ থেকে ঊর্ধ্বে ৮০ কিলোমিটার বেগে যাত্রী পরিবহন করবে বলে জানিয়েছেন জাইকা বিশেষজ্ঞরা। জাইকা বিশেষজ্ঞরা বলেন, ঢাকার মেট্রো রেলের বেশির ভাগ অংশই মাটির ওপরে রাখার প্রস্তাব করা হয়েছে। কয়েকটি স্পটে মেট্রো রেল মাটির নিচ দিয়ে চলাচল করবে।সেমিনারে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক আলমগীর মুজিবুল হক বলেন, ঢাকার কৌশলগত পরিবহন পরিকল্পনায় যেসব রুটে মেট্রো রেলের প্রস্তাব করা হয়েছে, সেখানে অন্যান্য প্রকল্প চিন্তাভাবনা করে হাতে নেওয়া উচিত। অন্যান্য প্রকল্প যেন মেট্রো রেলের সঙ্গে সাংঘর্ষিক না হয়, সে ব্যাপারে লক্ষ রাখতে হবে।গণপরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক রহমতউল্লাহ বলেন, যানজট নিরসনে সরকার যেসব উদ্যোগ নিয়েছে, সেগুলোর মধ্যে সমন্বয় খুব জরুরি। ঢাকার কৌশলগত পরিবহন পরিকল্পনায় মেট্রো রেল, উড়াল সেতু ও বাস চলাচলের জন্য স্বতন্ত্র রাস্তার (বিআরটি) প্রস্তাব রয়েছে। সরকার এরই মধ্যে ঢাকায় ৩২ কিলোমিটারের দ্বিতল সড়কের প্রাথমিক সম্ভাব্যতা যাচাই করার লক্ষ্যে দরপত্র আহ্বান করেছে। প্রতিটি প্রকল্পই সমন্বয়ের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে, নয়তো জটিলতা তৈরি হবে। তিনি এসব প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে স্বতন্ত্র সংস্থা প্রতিষ্ঠা করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি ঢাকার গণপরিবহনের সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে সরকারকে গণপরিবহন বোর্ড স্থাপনের আহ্বান জানান।