মেট্রো রেলের বিষয়ে এক মাসের মধ্যে মতামত চায় জাইকা
মেট্রো রেলের চলাচল পথ (রুট) সম্পর্কে এক মাসের মধ্যে মতামত দেওয়ার অনুরোধ করেছে জাপানি সহযোগী সংস্থা জাইকা।জাইকার সদর দপ্তরের পরিচালক তোমোহিদে ইচিগুচি গতকাল সোমবার সচিবালয়ে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের সঙ্গে এক বৈঠকে এই অনুরোধ জানান।এই সময়ের মধ্যে মতামত না জানালে মেট্রো রেল স্থাপনের কাজ অনিশ্চয়তার মুখে পড়তে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো মনে করে।তবে জাইকার প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে যোগাযোগমন্ত্রী সাংবাদিকদের বলেন, আগামী বছরই মেট্রো রেল স্থাপনের কাজ শুরু করা সম্ভব হবে বলে মন্ত্রণালয় আশাবাদী।সূত্র জানায়, জাইকার সমীক্ষা অনুযায়ী, সাড়ে ২১ কিলোমিটার প্রস্তাবিত মেট্রো রেলের গতিপথের একটি অংশ নিয়ে বিমানবাহিনী আপত্তি জানিয়েছে। এতে রাজি নয় জাইকা। এ নিয়ে সমস্যা দেখা দিয়েছে।এদিকে যোগাযোগমন্ত্রীর সঙ্গে জাইকার প্রতিনিধিদের বৈঠকের বিষয়ে সরকারি এক তথ্য বিবরণীতে বলা হয়, জাপান সরকার ঢাকা মহানগরে মেট্রো রেল স্থাপনে ১৭০ কোটি মার্কিন ডলার ঋণ-সহায়তা দিচ্ছে। সরকার আশা করছে, গতিপথ চূড়ান্ত করার মধ্য দিয়ে আগামী বছরই মেট্রো রেল স্থাপনের কাজ শুরু করা সম্ভব হবে।যোগাযোগমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন বলে তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়।