রাজধানীতে প্রস্তাবিত মেট্রো রেলের নকশায় রুট নিয়ে জটিলতা দেখা দিয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রী বলেন, নকশায় তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দর এলাকাটি রয়েছে। বিমানবাহিনীর আপত্তি হলো এতে তাদের অসুবিধা হবে। বিমানবন্দর এলাকাটি মেট্রো রেলের আওতার মধ্যে থাকলে নিরাপত্তা বিঘ্নিত হওয়ারও শঙ্কা রয়েছে। জটিলতা নিরসনে শিগগিরই প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলে জানান অর্থমন্ত্রী এবং আগামী তিন মাসের মধ্যে তা চূড়ান্ত হবে বলেও আশা প্রকাশ করেন। আজ বুধবার সচিবালয়ে আন্তমন্ত্রণালয়ের এক বৈঠকের পর অর্থমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী এবং যোগাযোগ মন্ত্রণালয়, সেনাবাহিনী ও বিমানবাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।গত ৭ মার্চ মন্ত্রিসভায় রাজধানীতে যানজট নিরসনে ম্যাস র্যাপিড ট্রান্সপোর্ট (এমআরটি) লাইন-৬ বাস্তবায়নের একটি প্রস্তাব অনুমোদিত হয়। স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যানের (এসটিপি) আওতায় তা বাস্তবায়িত হওয়ার কথা ২০১৩ সালের মধ্যে।জাপানের সহায়তায় বিদ্যমান নকশা অনুযায়ী উত্তরা-পল্লবী-বিজয় সরণি-ফার্মগেট-সায়েদাবাদ পর্যন্ত মেট্রো রেলপথ তৈরি হওয়ার কথা।প্রস্তাবিত রেলপথের উচ্চতা ১৯ মিটারের কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘তা ১৬ মিটারে নামিয়ে আনা সম্ভব।’ অর্থমন্ত্রী বলেন, বিমানবাহিনী জানিয়েছে, রুটটি রোকেয়া সরণি হয়ে ফার্মগেট দিয়ে যেতে। এতে বড় কয়েকটি সরকারি ভবন ক্ষতিগ্রস্ত হবে এবং বাঁকগুলো চিকন হয়ে পড়বে।অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, জরুরি অবস্থায় তেজগাঁও বিমান বন্দর ব্যবহার করে থাকে শুধু বিমান বাহিনী নয়, সেনাবাহিনীও। মেট্রো রেলপথ হলে তাদের চলাচলে সমস্যা হবে। তারা রেলপথের উচ্চতা ১১ মিটারে নামিয়ে আনারও প্রস্তাব করেন। তিনি বলেন, ‘এর উচ্চতা ১৬ মিটারের কম করা কিছুতেই সম্ভব হবে না।’