সত্তরের দশক থেকে ঢাকায় ভিত গড়া দেশের সাংস্কৃতিক অঙ্গনের প্রতিষ্ঠিত নাম আফজাল হোসেনকে নতুন করে পরিচয় করানোর কিছু নেই। একাধারে অভিনেতা, নাট্যকার, মডেল ও শিল্পী এবার ‘ঢাকায় থাকি’র কাছে অকপটে বললেন তাঁর নগরজীবন সম্পর্কে। নগরের ভালো লাগা, মন্দ লাগা, স্মৃতিচারণা—সবকিছু নিয়েই তাঁর সঙ্গে কথা বলেছেন আলী আসিফকাজের ফাঁকেসময়ের সঙ্গে সঙ্গে আড্ডা দেওয়ার জায়গাগুলো বদলায়। আড্ডার জন্য এখনো আমার সবচেয়ে প্রিয় জায়গা আর্ট কলেজ (চারুকলা ইনস্টিটিউট)। চারুকলার শরীফ মিয়ার ক্যানটিন, টিএসসির আড্ডা, আলতাফ মাহমুদ সংগীত নিকেতনের আড্ডা এখনো মনে পড়ে।খেতে যাইরমনা পার্কের রমনা রেস্টুরেন্টে একটা সময় আমরা সব বন্ধু মিলে নিয়মিত রাত ১১টা অবধি মেতে থাকতাম। স্টেডিয়াম মার্কেটের দোতলায় ‘খাবারদাবার’ রেস্টুরেন্টে আমি, হুমায়ুন ফরীদি, ফরিদুর রেজা সাগর, শাইখ সিরাজ, ইমদাদুল হক মিলন ছাড়াও অনেক বন্ধু মিলে নিয়মিত খেতে যেতাম। এবারের বন্ধু দিবসে ওখানে খেতে যাওয়ার কথা ছিল।ঘোরাফেরাঢাকার পাশেই নারায়ণগঞ্জের নবীনগরের প্রেমে পড়েছি আমি। শুটিং ছাড়াও অধিকাংশ সময় ঢাকার আশপাশে ঘুরতে গেলে নবীনগরের কথাই সবার আগে ভাবি। গ্রামটিতে নদী আছে। গ্রামের নির্জনতা আছে।স্বাস্থকুশলপ্রতিদিনই সকাল-সন্ধ্যা বাড়ির পাশের ধানমন্ডি লেকের ধারে হাঁটতে বের হই।নগর ফ্যাশননিজেকে ফ্যাশন্যাবল দাবি করি না। তবে অন্যদের চেয়ে একটু আলাদা কিছু পরতে চেষ্টা করি সব সময়। নগরের ছেলেদের ফ্যাশনটা আলাদা করে চোখে না পড়লেও মেয়েদের সৌন্দর্যসচেতনতাটা ইদানীং বেশ চোখে পড়ে।ঢাকা আমার ঢাকাযে শহরে এসেছিলাম, সে শহরটা এখন আর নেই। ১৯৭০ সাল থেকে ঢাকায় আছি। পুরান ঢাকা নতুন ঢাকার অসংখ্য স্মৃতি এখনো প্রায়ই মনে পড়ে। আমার চোখে এখনো ঢাকার মতো সুন্দর জায়গা আর নেই।জীবন থেকে নেওয়াঢাকাকে নিয়ে স্মৃতি তো আর কম নেই। চুল বড় রাখার অপরাধে বাহাদুর শাহ পার্ক থেকে সেনাবাহিনীর দৌড়ানি খাওয়া কিংবা ধুপখোলা মাঠে কয়েকজন অজ্ঞাতনামা যুবকের আড্ডায় ‘আফজাল সুবর্ণার হাত ধরল কেন?’—এই প্রশ্ন শুনে ভ্যাবাচ্যাকা না খেয়ে বরং এগিয়ে এসে তাদের সঙ্গে কথা বলার মতো অসংখ্য অম্লমধুর অভিজ্ঞতা রয়েছে আমার।বদলে যাকআমাদের এখানে নাগরিক সভ্যতা নেই। রাস্তা দিয়ে হেঁটে চলার সময় ধূমপান করা, রাস্তা দখল করে গাড়ি পার্ক করা, যেখানে-সেখানে বড় রাস্তার পাশে দানবাকৃতির শপিং মল গড়ে তোলা—এ ধরনের সমন্বয়হীন নগর পরিকল্পনার অভ্যাসটা পাল্টানো দরকার। সেই সঙ্গে আমরা যারা এই নগরে বসবাস করি, তাদেরও উচিত নাগরিক আদবকেতা বাড়ানো।তরুণ কণ্ঠএকটা সময় ঢাকার রাস্তায় একটা ছেলে ও একটা মেয়ে হাত ধরে যাচ্ছে—এই বিষয়টি ভাবাই যেত না। কিন্তু এখন ছেলেতে-মেয়েতে বন্ধুত্ব হচ্ছে। তারা হাত ধরে রাস্তায় হাঁটছে, একসঙ্গে রেস্তোরাঁয় খেতে যাচ্ছে, সিনেমা দেখতে যাচ্ছে, আড্ডা দিচ্ছে—ঢাকার এই পরিবর্তনটা অবশ্যই ইতিবাচক।