জন্ম বরিশালের গৌরনদীতে হলেও সেই শৈশব থেকে এই নগরেই বেড়ে উঠেছেন তিনি। কৈশোর ও তারুণ্যের স্বপ্নমাখা দিনগুলো পার করেছেন ঢাকায়। নগরের চিরচেনা এলাকা আর রাস্তাঘাটে তাঁর দেখা না মিললেও টিভির পর্দায় চোখ রাখলেই সেই হাসিমাখা প্রিয় মুখটি চোখে পড়ে। সাবলীল অভিনয় আর আকর্ষণীয় বাচনভঙ্গির গুণে নগরের অসংখ্য তরুণ-তরুণীর হূদয় জয় করা এই জনপ্রিয় অভিনেতার নাম মোশাররফ করিম। নাগরিক জীবনের নানা প্রসঙ্গ নিয়ে তিনি কথা বললেন ‘ঢাকায় থাকি’র সঙ্গে। নগরজীবনের প্রিয়-অপ্রিয়, পছন্দ-অপছন্দ আর প্রত্যাশার কথা তুলে ধরেছেন আলী আসিফ।কাজের ফাঁকেচারুকলার সামনে আর বেইলি রোডে একটা সময় খুব আড্ডা মারতাম। আর আমাদের এক বন্ধু ফজলুল কবির তুহিনের বাসায় প্রায়ই আমি, ওবায়দুল গনি চন্দন, ঝুনা চৌধুরী সবাই মিলে আড্ডা দিতাম। এখন খুবই কম আড্ডা দেওয়া হয়। তবে মাঝেমধ্যে শুটিংয়ের ফাঁকে রোদোয়ান রনি, রাজ, ফাহমি মিলে বেশ একটা সময় কাটে। আর পুবাইলে গেলে সালাহউদ্দিন লাভলু ভাইয়ের সঙ্গে আমি, চঞ্চল চৌধুরী, বৃন্দাবন দাস, খুশি সবাই মিলে আড্ডা দিই।খেতে যাইআগে সারা রাত জেগে ভোরবেলা মোটরসাইকেলে চেপে হাজির বিরিয়ানি খেতে চলে যেতাম। আর নীলক্ষেতের বিরিয়ানি ও তেহারি একটা সময় এত বেশি খেয়েছি যে স্মৃতির পাতায় সেগুলো রয়ে গেছে। কয়েক দিন আগে আমার বন্ধু রাজের সঙ্গে বনানীর একটা রেস্তোরাঁয় গিয়েছিলাম। সেটি সারা রাত খোলা থাকে। নামটা ঠিক মনে পড়ছে না।ঘোরাফেরাশুটিং ছাড়া ঘোরাফেরার সময় পাই না। এখনো খুব মিস করি মহল্লার আড্ডাগুলো।ঢাকা আমার ঢাকাবছর দশেক আগে বন্ধুরা সবাই মিলে বাহাদুর শাহ পার্কে বসেই সকাল থেকে সন্ধ্যা নির্ঝঞ্চাট গল্পগুজব করতাম। আর এখন কোথাও দুদণ্ড বসে গল্পও করতে পারি না। চারপাশে এত পরিচিত মানুষ। অথচ এ মানুষগুলোই আবার তার পাশের ফ্ল্যাটে কে আছে, একই ছাদের নিচে বাস করেও তার খবর জানছে না।যে পথে হারাতে চায় মনখিলগাঁও সি-ব্লক, তালতলা পুলিশ ফাঁড়ি এলাকা, বেইলি রোড, হেয়ার রোডসহ গোটা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার রাস্তাগুলো বেশ প্রিয়। এসব রাস্তায় অবসরে একলা হাঁটলেও ভালো লাগে।কেনাকাটাখুব ভালো লাগে দেশি বুটিকগুলো। তারা মার্কা আমার বিশেষ পছন্দের। এ ছাড়া ‘ব্যাঙ’-এর পোশাকগুলোও ভালো লাগে।তরুণকণ্ঠতরুণদের ফ্যাশনের কথা বললেই ভালো-মন্দ ব্যাপারগুলো চলে আসে। সব কালেই ভালো-মন্দ ছিল। আসল বিষয়টি হচ্ছে গ্রহণ আর বর্জনের। এখন যেমন সবাই মুঠোফোনে খুদে বার্তা পাঠায়, কিন্তু এতে চিঠি লেখার রীতিটা বন্ধ হয়ে যাচ্ছে। এখন সবকিছুই অনেক সহজে পাওয়া যাচ্ছে। কিন্তু প্রতিটি সময়ে কালোত্তীর্ণ কিছু করতে হলে গড্ডালিকা প্রবাহে গা না ভাসানোই ভালো।বদলে যাকনগরে আরও ভালো কিছু সিনেমা হল দরকার। নাট্যশালা দরকার। কারণ, উত্তরা কিংবা মিরপুরের একজনকে সেগুনবাগিচায় এসে নাটক দেখতে বেশ কিছু হ্যাপা সামলাতে হয়। কারণ, আমার রামপুরা থেকে উত্তরা আসতেই প্রায় দুই ঘণ্টা সময় লাগে।রাতের ঢাকাআমার কাছে নগরের রাতটা মনে হয় নিষিদ্ধ। রাত হলেই একটা অলিখিত কারফিউ জারি হয় নগরে। কোনো বাবা তাঁর মেয়েকে নিয়ে জোছনা দেখতে বের হতে পারেন না। পদে পদে নিরাপত্তার অভাব।